বেজিং, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আগামী মাসে কোপেনহেগেনে জলবায়ু শীর্ষ সম্মেলনে সত্যিকার অর্থেই যাতে একটি চুক্তিতে উপনীত হওয়ার দাবি জানাবে চীন। জলবায়ু নিয়ে চীনের একজন আলোচককে উদ্ধৃত করে সিনহুয়া বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।
তবে গ্রিন হাউজ গ্যস নির্গমন কমাতে আইনি বাধ্যবাধকতার ব্যাপারে ২০১০ পর্যন্ত অপেক্ষার পক্ষেই অবস্থান নিতে যাচ্ছে দেশটি।
"আমরা সম্মেলনকে সফল করার চেষ্টা চালিয়ে যাব। সম্মেলন থেকে শূন্য ফলাফল বা তথাকথিত রাজনৈতিক ঘোষণা মানবো না আমরা।" চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট এন্ড রিফর্ম কমিশন'র (এসডিআরসি) কর্মকর্তা লি গাও একথা বলেছেন।
সিনহুয়া আরও জানায়, লি বলেছেন, "কোপেনহেগেন সম্মেলন ইতিহাসে এক মাইলফলক হিসেবে বিবেচিত হবে। সেকারণে এ থেকে অনেক বেশি প্রত্যাশা করা হচ্ছে।"
তিনি যোগ করেন, ওই সম্মেলনের ব্যাপারে আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে তা যথেষ্ট নয়।
বিশ্ব উষ্ণায়ন রোধে ডিসেম্বরে কোপেনহেগেন সম্মেলনে একটি রূপরেখা গঠনের আশা করা হচ্ছে। কিন্ত কার্বন নির্গমন কে, কতটুকু কমাবে এবং কারা এজন্য অর্থ দেবে তা নিয়ে উন্নত ও উন্নয়নশীল দেশের বিরোধ চলছে এবং সম্মেলনের প্রস্তুতিমূলক আলোচনা এতেই ঘুরপাক খাচ্ছে।
সম্মেলনের স্বাগতিক রাষ্ট্র ডেনমার্কের সরকার আইনি বাধ্যবাধকতার বিষয়টি ২০১০ সাল পর্যন্ত বিলম্বিত করার প্রস্তাব দিয়েছে। এর পরিবর্তে সম্মেলনে একটি ব্যাপকভিত্তিক রাজনৈতিক চুক্তি সম্পাদনের কথা বলেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা প্রস্তাবটি সমর্থন করলেও বলেছেন, তিনি চান এমন একটি চুক্তি যা "দ্রুত কার্যকর হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬২১ ঘ.
bdnews24