ওয়াশিংটন, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সোমবার বলেছেন, ২০০৫ সালের মার্কিন-ভারত পরমাণু চুক্তি সম্পূর্ণ করা হলে তার দেশে বিনিয়োগের সুযোগ অনেক বেড়ে যাবে। ভারতের জ্বালানি খাতের ১৫০ বিলিয়ন ডলারের বাজারে প্রবেশে উদগ্রীব মার্কিন কোম্পানিগুলোর জন্য এটি আশাবাদী বক্তব্য।
যুক্তরাষ্ট্র সফররত সিং প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের আগে মার্কিন ব্যবসায়ী নেতাদের উদ্দেশে এ বক্তব্য রাখেন। তিনি বলেন, বিশ্ব অর্থনীতির মন্থর গতির মধ্যে অবকাঠামোর উন্নয়নে ভারতের উচ্চাকাক্সক্ষী পরিকল্পনায় অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি আরও বাড়বে এবং বিদেশি বিনিয়োগেরও সুযোগ তৈরি হবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিক বেসামরিক পরমাণু চুক্তি সম্পর্কে সিং বলেন, "আমারা এখন বিস্তারিত চূড়ান্ত করছি, এতে চুক্তিটি পুরোপুরি কার্যকর হয়ে উঠবে।" "এতে বৃহত্তর পরিসরে বাণিজ্যিক সুযোগ তৈরি হবে।"
সিং ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ২০০৫ সালে চুক্তিটি সম্পাদন করেন। তবে কোনোধরনের পরমাণু দুর্ঘটনা ঘটলে মার্কিন কোম্পানিগুলোর দায়দায়িত্ব কী হবে সে ব্যাপারে একটি নতুন আইন প্রণয়নের জন্য ভারতীয় পার্লামেন্টে বিতর্ক হওয়ার কথা রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনো ভারতের সঙ্গে পরমাণু জ্বালানির পুনঃপ্রক্রিয়াজাত করার বিষয়ে চুক্তিতে এখনো স্বাক্ষর করেনি।
মঙ্গলবার হোয়াইট হাউজে ওবামার সঙ্গে শীর্ষ বৈঠকে অসমাপ্ত চুক্তিটির ব্যাপারে কী ঘোষণা আসবে সে ব্যাপারে খোলসা করে কিছু বলেননি মনমোহন। তবে তাদের আলোচনার ব্যাপারে জ্ঞাত কয়েকজন বিশেষজ্ঞ বলেছেন, চুক্তিটি বাস্তবায়নের ব্যাপারে দুই নেতাই একটি যৌথবিবৃতি দিতে পারেন। এতে ভারতের দেড়শ বিলিয়ন ডলারের জ্বালানি খাতের বাজারে মার্কিন সরবরাহকারীদের প্রবেশের দ্বার খুলে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩১১ ঘ.
bdnews24