২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অযোধ্যা রিপোর্ট নিয়ে ভারতে পার্লামেন্টের অধিবেশন পণ্ড

অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের ঘটনার ফাঁস হয়ে যাওয়া তদন্ত রিপোর্ট নিয়ে হট্টগোলে সোমবার ভারতের পার্লামেন্ট অধিবেশন পণ্ড হয়েছে। রিপোর্টে বাবরি মসজিদ ধ্বংসে বিরোধীদলীয় নেতাদের ভূমিকা রয়েছে বলে দোষারোপ করা হয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2009, 01:43 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

নয়াদিল্লি, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের ঘটনার ফাঁস হয়ে যাওয়া তদন্ত রিপোর্ট নিয়ে হট্টগোলে সোমবার ভারতের পার্লামেন্ট অধিবেশন পণ্ড হয়েছে। রিপোর্টে বাবরি মসজিদ ধ্বংসে বিরোধীদলীয় নেতাদের ভূমিকা রয়েছে বলে দোষারোপ করা হয়েছে। (আরও তথ্যসহ) ১৯৯২ সালে হিন্দু কট্টরপন্থিদের বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় ভারতে দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। তদন্ত রিপোর্টে বলা হয়েছে, মসজিদটি ধ্বংসের পরিকল্পনায় সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী এবং বর্তমান বিরোধীদলীয় নেতা লাল কৃষ্ণ আদভানীরও ভূমিকা ছিল। রিপোর্টর্টি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পার্লামেন্ট। ক্ষুব্ধ আইনপ্রণেতাদের হট্টগোলে পার্লামেন্ট অধিবেশন দুবার মুলতবি হয়ে যায়। বিরোধীদলীয় নেতারা লজ্জা, লজ্জা বলে চেঁচিয়ে উঠে রিপোর্ট ফাঁসের জন্য সরকারকে দায়ী করেন। আদভানি এবং বাজপেয়ী দুজনেই বাবরি মসজিদ ধ্বংসে তাদের কোনও ভূমিকা থাকার কথা অস্বীকার করেছেন এবং রিপোর্ট প্রকাশের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস' পত্রিকায় সোমবার প্রকাশিত রিপোর্টে বলা হয়, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতারা মসজিদ ধ্বংসের পরিকল্পনায় জড়িত ছিলেন। তদন্ত কমিশনের কথা উল্লেখ করে পত্রিকাটি একথা জানায়। পত্রিকার কপি হাতে নিয়ে আদভানি পার্লামেন্টে বলেন, "কোনও ষড়যন্ত্র কিংবা পরিকল্পনা হয়নি। আমি নিজে কমিশনকে বলেছি, ওই দিনটি আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন।" সরকার রিপোর্টটি নিশ্চিত করেনি। তবে এটি সত্য হলে তা হবে প্রধান বিরোধীদল বিজেপি'র জন্য আরেকটি বড় ধাক্কা। সাধারণ এবং রাজ্য নির্বাচনে হেরে বিজেপি এমনিতেই নাজুক অবস্থায় আছে। বাড়তে থাকা দ্রব্যমূল্য ও দুর্নীতিসহ নানা ইস্যু থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য কংগ্রেস পার্টি সরকার এ রিপোর্ট প্রকাশ করছে বলে অভিযোগ করেছেন বিজেপি'র মুখপাত্র রাজিব প্রতাপ। বিবিসি একথা জানিয়েছে। তদন্ত রিপার্টটি জুলাইয়ে সরকারের কাছে জমা দেওয়া হয়। চলতি অধিবেশনেই তা পার্লামেন্টে পেশ করার কথা রয়েছে। বিরোধীদলীয় আইনপ্রণেতাদের হৈ চৈয়ের মুখে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পন চিদাম্বারাম বলেছেন, "রিপোর্টের বিষয়বস্তু নিয়ে আমি কোনও মন্তব্য করছি না।" পত্রিকার এ রিপোর্ট দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪১ঘ.