গুয়াহাটি, আসাম, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের আসাম রাজ্যে রোববার দুটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
পুলিশের ঊর্ধতন কর্মকর্তা জিৎমল দোলে টেলিফোনে রয়টার্সকে জানান, সাইকেলে বেঁধে রাখা বোমা দুটির একটি পুলিশ স্টেশনের সামনে এবং অপরটি রাজ্যের রাজধানী দিসপুর থেকে ৭০ কিলোমিটার পশ্চিমে নালবাড়ি শহরের একটি শপিং কমপ্লেক্সে বিস্ফোরিত হয়েছে।
পুলিশ এ হামলার জন্য আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন 'ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম' (উলফা) কে দায়ী করলেও সংগঠনটির এক শীর্ষ নেতা স্থানীয় একটি সংবাদপত্র ও টেলিভিশনে ফোন করে হামলার কথা অস্বীকার করেছেন।
নয়াদিল্লি আসামে দীর্ঘ দিন ধরে চলা অস্থিতিশীলতা নিরসন এবং বিদ্রোহীদের সঙ্গে আলোচনার পথ সুগম করার ঘোষণা দেওয়ার পরপরই এ হামলা হল।
হামলার ঘটনায় আসামে সতর্কতা জারি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬০৬ ঘ.
bdnews24