হেগাং, চীন, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের উত্তর-পূর্বাঞ্চলে খনি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮৭ জনে দাঁড়িয়েছে। তবে জীবিত কাউকে উদ্ধারের আশা রোববার ক্ষীণ হয়ে এসেছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শনিবার ওই বিস্ফোরণের সময় খনিতে মোট ৫২৮ জন কর্মী ছিল। তাদের মধ্যে ৪২০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও ২১ জনের মতো আটকা পড়ে আছে বলে মনে করা হচ্ছে।
উদ্ধারকাজে নিয়োজিত কর্মকর্তা ঝাং ফুচেং চীনা টেলিভিশনকে জানান, গ্যাস ও টানেল ভেঙে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
মানসম্পন্ন নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং আধুনিক যন্ত্রপাতি ও ব্যবস্থাপনার অভাবে চীনের খনি শিল্প বিশ্বে সবচেয়ে বিপজ্জনক। সরকার ছোট ছোট ও অনিরাপদ ব্যপস্থাপনায় পরিচালিত খনিগুলো বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। এ ধরনের খনিতেই বেশি দুর্ঘটনা ঘটছে।
কেবল ২০০৮ সালেই খনিতে পানির তোড়, বিস্ফোরণ ও ধসে ৩ হাজারেরও বেশি মানুষ মারা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২১১ ঘ.
bdnews24