মিলান, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মুম্বাইয়ে গত নভেম্বরের সন্ত্রাসী হামলার জন্য দায়ী জঙ্গিগোষ্ঠীকে অর্থ সাহায্য করার সন্দেহে ইতালিতে দুই পাকিস্তানিকে গ্রেপ্তার করা হয়েছে। ইতালির সন্ত্রাসবিরোধী পুলিশ দল তাদের গ্রেপ্তার করে।
পুলিশ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, এই দুই ব্যক্তি ইতালির উত্তরের শহর ব্রেসসিয়ায় তাদের মালিকানাধীন মানি ট্রান্সফার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিদেশে তহবিল পাঠায়। ভারতীয় কর্তৃপক্ষ ও ফেডারেল ব্যুারো অব ইনভেস্টিগেশনের পাঠানো তথ্যের ভিত্তিতে তাদের শনাক্ত করা সম্ভব হয়।
বলা হয়েছে, মুম্বাই হামলার অব্যবহিত আগে এই দুই ব্যক্তি জঙ্গিদের সঙ্গে সরাসরি সম্পর্কিত লোকজনের ইন্টারনেট ফোন বিল পরিশোধ করতে অর্থ ট্রান্সফার করে।
গত নভেম্বরে ১০ বন্দুকধারী মুম্বাইয়ের দুটি অভিজাত হোটেলসহ কয়েকটি স্থানে হামলা চালালে ১৬৬ জন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯১৯ ঘ.
bdnews24