নয়া দিল্লি, নভেম্বর ২১ (রয়টার্স/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাওবাদী গেরিলাদের বিরুদ্ধে অভিযান ভারতের দারিদ্র্যপীড়িত এলাকায় জরুরি মানবিক সহায়তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে সতর্ক করে দিয়েছে ইউরোপীয় কমিশন।
বৃহস্পতিবার রাতে ইউরোপীয় কমিশনের মানবিক সহায়তা বিভাগের (ইসিএইচও) ভারত শাখার কর্মকর্তা মারিয়া হোয়াও র্যালহা বলেন, তারা ভারত সরকারের সামরিক অভিযানের ব্যাপারে উদ্বিগ্ন। কারণ লড়াই আরো তীব্র হলে তাদের কাজ হুমকির মুখে পড়বে।
ভারতে ২০০৭ সাল থেকে চলে আসা এই সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার গ্রামে ত্রাণ সহায়তার জন্য ইসিএইচও অর্থ দিয়ে আসছে।
গত দু'বছরে অনুন্নত ও খনিজ সমৃদ্ধ এসব এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে ইসিএইচও বিদেশি সহায়তা সংস্থাগুলোকে ১৫ লাখ ইউরো দিয়েছে।
ব্রাসেলস থেকে ফোনে মারিয়া রয়টার্সকে বলেন, "চলমান লড়াই আমাদের অংশীদার সংগঠনগুলোর জন্য গ্রামগুলোতে পৌঁছানো এবং সেখানে কাজ করা বিপজ্জনক হয়ে উঠতে পারে।"
সংঘাতে জড়িত পক্ষগুলো এতটাই সন্ত্রস্ত হয়ে উঠতে পারে যে ওই সব এলাকায় সংগঠনগুলোর প্রবেশ সীমাবদ্ধ হয়ে যেতে পারে। তারা সহায়তা কার্যক্রমও বন্ধ করে দিতে পারে। সে ক্ষেত্রে সংগঠনগুলোর দেওয়া স্বাস্থ্য সুবিধাও গ্রামবাসী পাবে না।
ভারত সরকারের কর্মকর্তারা আভাস দিয়েছেন, দেশটির মধ্যাঞ্চলের ছত্তিশগড় রাজ্যে মাওবাদী গেরিলাদের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক অভিযান আসন্ন।
২০০৫ সাল থেকে এ রাজ্যে গেরিলাদের সঙ্গে নিরাপত্তা বাহিনী ও সরকার সমর্থক মিলিশিয়াদের সহিংসতা চলছে।
মাওবাদী সহিংসতায় ভারতে প্রতি বছর অন্তত ছয়শ' থেকে সাতশ' লোকের প্রাণহানি ঘটে। আরো অন্তত এক লাখ বেসামরিক লোক বাস্তুচ্যুত হয়।
সা
bdnews24