বেজিং, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের উত্তরপূর্বাঞ্চলের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে এবং ৫০০ মিটার ভূগর্ভে ৭৮ জন আটকা পড়ে রয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এ খবর জানিয়েছে।
শনিবার ভোররাত আড়াইটার দিকে খনিটিতে বিস্ফোরণের সময় ৫২৮ জন সেখানে কাজ করছিল। এরমধ্যে ৪১৯ জনকে নিরাপদে খনিটি থেকে বের করে আনা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন ও সিনহুয়া সংবাদ সংস্থা একথা জানায়।
সিনহুয়া বলেছে, সিনচিং নামের খনিটি রাশিয়ার সীমান্তবর্তী হেইলংচিয়াং প্রদেশে অবস্থিত। হেইলংচিয়াং লংমেই মাইনিং হোল্ডিং গ্র"পের মালিকানধীন খনিটি থেকে বছরে ১২ মিলিয়ন টন কয়ালা তোলা হচ্ছিল।
চীনের ভাইস প্রেসিডেন্ট ঝেয় দেচিয়াং দুর্ঘটনাস্থলে রওনা হয়েছেন এবং প্রেসিডেন্ট হু জিনতাও ও প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও উদ্ধার কাজের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন।
৬০ সদস্যের উদ্ধারকারী দল ইতিমধ্যেই খনিটিতে পৌঁছে নিখোঁজদের সন্ধান করা শুরু করেছে।
মানসম্পন্ন নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং আধুনিক যন্ত্রপাতি ও ব্যবস্থাপনার অভাবে চীনের খনি শিল্প বিশ্বের সবচেয়ে বিপজ্জনক হিসেবে পরিচিতি পেয়েছে। সরকার যদিও ছোট ছোট ও অনিরাপদ ব্যপস্থাপনায় পরিচালিত খনিগুলো বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। এ ধরনের খনিতেই বেশি দুর্ঘটনা ঘটছে।
কেবল ২০০৮ সালেই খনিতে পানির তোড়, বিস্ফোরণ ও বিধবস্ত হয়ে ৩ হাজারেরও বেশি মানুষ মারা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫২১ ঘ.
bdnews24