হেরাত, ২০ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুক্রবার একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে ১৭ জনকে হত্যা করেছে। একই দিন একজন পার্লামেন্ট সদস্যকে লক্ষ্য করে চালানো আরেক হামলায় তিনি বেঁচে গেলেও তার পাঁচ দেহরক্ষী নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের পুলিশ প্রধান ফকির মোহাম্মদ আসকর বলেছেন, প্রাদেশিক রাজধানী ফারাহ নগরীতে একটি জনকীর্ণ এলাকায় হামলার লক্ষ্য ছিল এক পুলিশ কর্মকর্তা। দুই দেহরক্ষীসহ তিনি নিহত হয়েছেন।
ফারাহ'র গভর্নর রুহুল আমিন রয়টার্সকে জানান, বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৭ তে দাঁড়িয়েছে।
এর আগে ফারাহ নগরীর হাসপাতালের প্রধান আব্দুল জাবর শায়েক নিহতের সংখ্যা ১৫ ও আহতের সংখ্যা ৩১ জানিয়েছিলেন।
অজ্ঞাত স্থান থেকে তালেবান মুখপাত্র কারি ইউসুফ টেলিফোনে রয়টার্সকে বলেন, তাদের গ্র"প এই হামলা চালায়নি।
পৃথক ঘটনায় একজন পার্লামেন্ট সদস্য ও সাবেক মুজাহিদ নেতা কাবুলের উপকণ্ঠে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণ থেকে রক্ষা পেয়েছেন। কিন্তু তার পাঁচ দেহরক্ষী নিহত হয়।
সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়াইকারী আবদুল রসুল সায়াফ একটি গাড়ি বহরে পাগমান এলাকা দিয়ে যাওয়ার সময় একটি সেতুর নিচে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/২২২২৫ ঘ.
bdnews24