নয়াদিল্লি, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের উত্তর প্রদেশ রাজ্যে আখমাড়াই শুরু হতে দেরি হওয়ায় দেশটিতে চিনির সংকট প্রলম্বিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এতে ব্যয়বহুল আমদানির ওপর দেশটির নির্ভরতাও বাড়তে পারে।
ভারতের অর্ধেকেরও বেশি আখ উৎপাদনকারী উত্তর প্রদেশের চাষিরা আখের সরকারি ক্রয়মূল্য বাড়ানোর দাবিতে জোরালো আন্দোলন শুরু করায় প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বিষয়টি নিয়ে ভাবতে হচ্ছে।
সরকার আখ কেনার মূল্য কম নির্ধারণ করায় বৃহস্পতিবার হাজার হাজার কৃষকের বিক্ষোভের মুখে পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের উদ্বোধন হওয়া স্থগিত হয়ে গেছে।
"প্রায় ছয় সপ্তাহেও আখ মাড়াই শুরু না হওয়ায় চিনির সরবরাহের ওপর আরও চাপ পড়েছে। প্রত্যেকেই উত্তর প্রদেশের কারখানাগুলোর দিকে চেয়ে আছে।" রয়টার্সকে এ কথা বলেছেন 'সাকদে ইন্ডিয়া'র প্রধান যতিন ওয়াদওয়ানা।
বিশ্বে চিনির প্রধান ভোক্তা এবং ব্রাজিলের পরে সবচেয়ে বেশি উৎপানদাকারী ভারত ইতিমধ্যেই রেকর্ড পরিমাণ ৫ মিলিয়ন ডলার চিনির মণ্ড আমদানির আদেশ দিয়েছে।
ভারত সরকার দেশের অন্যতম অর্থকরী ফসল আখের মূল্য নির্ধারণে রাজ্য সরকারগুলোকে অধিকতর ক্ষমতা দিয়েছে। সরকার চিনি খাত থেকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ তুলে নিতে এ ব্যবস্থা নিয়েছে।
কিন্তু অনেক কৃষকই রাজ্যের বেধে দেওয়া দামে অসন্তুষ্ট। তারা বলেছেন, এই দামের ফলে চিনির কারখানাগুলোই লাভবান হবে।
উত্তর প্রদেশ সরকার চিনি কারখানাকে প্রতি ১০০ কেজি আখের জন্য কৃষকদের ১৬৫-১৭০ রুপি (৩.৫৫-৩.৬৬ ডলার) দিতে বলেছে। কিন্তু কৃষকরা আরও বেশি দাম চেয়েছে।
কৃষক সংগঠনগুলোর জাতীয় জোটের জাতীয় সেক্রেটারি অনিল সিং রয়টার্সকে বলেছেন, "আমারা আখের দাম কমপক্ষে ২১৫ রুপি নির্ধারণের দাবি জানাচ্ছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৪২ ঘ.
bdnews24