কাবুল, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেওয়ার আগেই আফগান যুদ্ধ শেষ করার লক্ষ্য নিয়ে এগুচ্ছেন। তিনি আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার একদিন আগে বুধবার একথা বলেছেন।
কারজাইয়ের অভিষেক অনুষ্ঠানের জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ইতিমধ্যেই কাবুলে পৌঁছেছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই প্রথম তার প্রথম কাবুল সফর। ওবামা প্রশাসনের এতোটা শীর্ষপদের কোনো কর্মকর্তারও কাবুলে এটা প্রথম আসা।
কারজাই ব্যাপক ভোট জালিয়াতির দুষ্টে জর্জরিত নির্বাচনের তিন মাস পর বৃহস্পতিবার শপথ নিতে যাচ্ছেন। প্রায় ৩০০ বিদেশি অতিথি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, যার মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বার্নাড কুচনার।
সিএনএন' এর সঙ্গে সাক্ষাৎকারে ওবামা বলেছেন, তিনি শিগগিরই আফগাননীতি পর্যালোচনার বিষয়ে দীর্ঘপ্রতীক্ষিত ঘোষণা দেবেন যাতে থাকবে আফগানিস্তান থেকে বের হয়ে আসার পরিকল্পনা।
তিনি বলেন, "বহুবছর ধরে দখলদারিত্ব যুক্তরাষ্ট্রের কাজে আসবে না।"
"আমরা সেখানে কী করছি সে ব্যাপারে একটি স্বচ্ছ ধারণা পাবেন আমেরিকার জনগণ, আমারা কীভাবে সফল হতে যাচ্ছি, এতে কতটা মূল্য দিতে হবে, উর্দি পরা আমাদের তরুণ-তরুণীদের ওপর ওই অঞ্চল কী ধরনের বোঝা হয়ে আছে এবং সবচেয়ে বড় কথা এসবের শেষ হবে কবে" তার সবই থাকবে ঘোষণায়।
"পরবর্তী প্রেসিডেন্টের জন্য কিছু রেখে না যাওয়াই আমার ইচ্ছা। আমি চাই, পরবর্তী প্রেসিডেন্ট এসে যেন বলতে পারেন, 'আমি একটি পরিষ্কার স্লেট পেয়েছি।" বলেন ওবামা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২২১৩ ঘ.
bdnews24