ভিয়েনা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান তাদের নতুন ইউরোনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্টের খবর দেরিতে প্রকাশ করেছে। তার মানে ইরান হয়ত এরকম আরও পরমাণু কর্মসূচি গোপন করছে। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) সোমবার এক প্রতিবেদনে এ সন্দেহ প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান কওম শহরে পাহাড়ের নীচে একটি বাঙ্কারে ২০০৭ সাল থেকে নতুন ইউরেনিয়াম প্ল্যান্ট তৈরির কাজ শুরু করার কথা আইএইএ'কে জানিয়েছে। কিন্তু আসলে স্থাপনাটি তৈরির কাজ ২০০২ সাল থেকে শুরু হয়েছে বলে আইএইএ প্রমাণ পেয়েছে।
যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটিশ গোয়েন্দারা পরমাণু স্থাপনাটি আবিস্কার করার পর এ বছর সেপ্টেম্বরে ইরান আইএইএ'র কাছে ওই স্থাপনার কথা স্বীকার করে।
২৬-২৭ অক্টোবরে আইএইএ'র পরিদর্শকরা স্বীকার করেন যে, 'ফোরডো ফুয়েল এনরিচমেন্ট সাইট' তৈরির কাজ অনেকখানি এগিয়েছে। ইরান আইএইএকে জানায়, ২০১১ সাল নাগাদ এটি চালু করা হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, "নতুন স্থাপনা নিয়ে এ ঘোষণায় ইরানের ওপর বিশ্বাস কমে গেছে এবং আইএইএ জানে না এরকম নির্মণাধীন আরও স্থাপনা ইরানের আছে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।"
বিষয়টি তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন, "ইরানের এ ধরনের আরও স্থাপনা আছে কিনা , যা তারা নির্মাণের পরিকল্পনা করেছে বা নির্মণাধীন রয়েছে বা নির্মাণ করেছে-- সে বিষয়টি স্পষ্ট করে জানানোর জন্য আইএইএ (৬ নভেম্বর লিখিত ভাবে) আহ্বান জানিয়েছে। তবে এখনও আইএইএ এ সম্পর্কে কোনও প্রতিক্রিয়া পায়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬০৯ ঘ.
bdnews24