২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান বিদেশি চাপের মুখে কিছু করবে না: কুরেশি

যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের লক্ষ্য জঙ্গি দমন করা হলেও পাকিস্তান বাইরের চাপে সামরিক অভিযান চালাতে উদ্যত হবে না। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুৃরেশি সোমবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 07:18 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ইসলামাবাদ, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের লক্ষ্য জঙ্গি দমন করা হলেও পাকিস্তান বাইরের চাপে সামরিক অভিযান চালাতে উদ্যত হবে না। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুৃরেশি সোমবার একথা বলেছেন। কুরেশি সাংবাদিকদের বলেন, "অন্যদের খোঁচাখুঁচিতে আমরা কম বেশি কোনও কিছুই করব না। আমরা দেখব পাকিস্তানের জন্য কি দরকার এবং কোনটি জরুরি।" যুক্তরাষ্ট্র তালেবান ও আল কায়েদার বিরুদ্ধে লড়াই আরও জোরদারের জন্য পাকিস্তানকে চাপ দিচ্ছে--- সোমবার নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত এ প্রতিবেদন সম্পর্কে এক প্রশ্নের জবাবে কুরেশি ওই কথা বলেন। পাকিস্তান অক্টোবরে আফগান সীমান্তর্বী অঞ্চল দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবান বিরোধী অভিযান শুরু করেছে। এর জবাবে তালেবানরাও পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে পাল্টা হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র এ পদক্ষেপকে স্বাগত জানালেও চায় পাকিস্তান আইনশৃঙ্খলাহীন সীমান্ত অঞ্চলে তালেবান গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিক। প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী কয়েক সপ্তাহে আফগানিস্তানে নতুন কৌশল ঘোষণা করবেন। এ কৌশলে আফগানিস্তানে আরও ৪০ হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নিতে পারেন তিনি। পাকিস্তানকে সতর্ক করে দিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, জঙ্গিদের বিরুদ্ধে তাদের লড়াই জোরদার করার ওপরই আফগান যুদ্ধকৌশলের সফলতা নির্ভর করছে। বিশেষ করে যে জঙ্গি দলগুলো পাকিস্তান থেকে আফগানিস্তানের মার্কিন সেনাদের ওপর হামলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে ইসলামাবাদকে জোর লড়াইয়ে নামতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কাছে লেখা একটি চিঠিতে বলেছেন, তিনি চান জারদারি রাজনৈতিক ও জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একাট্টা হয়ে একযোগে জঙ্গিদের বিরুদ্ধে প্রচারাভিযান চালান। দ্য টাইমস পত্রিকা একথা জানিয়েছে। ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল জেমস জোনস শুক্রবার পাকিস্তান সরকার এবং সামরিক নেতাদের সঙ্গে দেখা করে ওই চিঠি দেন বলে জানিয়েছে পত্রিকাটি। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল বাসিত চিঠি হস্তান্তরের বিষয়টি স্বীকার করলেও এ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১১৫২ ঘ.