২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জান্তা নেতাদের সঙ্গে বৈঠকের অনুরোধ সু চি'র

মিয়ানমারের গৃহবন্দি গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি জান্তা সরকারের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসার অনুরোধ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 10:25 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ইয়াঙ্গুন, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের গৃহবন্দি গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি জান্তা সরকারের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসার অনুরোধ জানিয়েছেন। এতে জান্তা সরকারের সঙ্গে সুচির যোগাযোগের দ্বার খুলে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ১১ নভেম্বরের তারিখ দেওয়া সু চির একটি চিঠি সোমবার রয়টার্সের হাতে পৌঁছেছে। এ চিঠিতে ৬৪ বছর বয়সী নোবেল বিজয়ী এ নেত্রী জানিয়েছেন, তিনি দেশের স্বার্থে জেনারেল থান শ'য়ের সঙ্গে কাজ করতে চান। শনিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সু চিসহ মিয়ানমারের রাজনৈতিক বন্দিদের মুক্তি ও গণতান্ত্রিক সংস্কার কাজের বিনিময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্কোন্নয়নের সম্ভাবনার কথা জানানোর পরই সু চির চিঠির বিষয়টির খবর প্রকাশিত হল। সু চি চিঠিতে লিখেছেন, "'স্টেট পিস অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল' এ জাতির স্বার্থে সহাযোগিতামূলক কাজ করার বিষয়ে আলোচনার জন্য আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করার আবেদন জানাচ্ছি।" প্রস্তাবিত এ বৈঠক অনুষ্ঠিত হলে ২০০৩ সালে সু চির গ্রেপ্তারের পর এটাই হবে জান্তার শীর্ষ নেতার সঙ্গে সুচির প্রথম আলোচনা। এ বছরের শুরুতে সু চির বাংলোতে এক আমেরিকানকে আশ্রয় দেওয়ার অভিযোগে তাকে আরও দেড় বছরের গৃহবন্দিত্বের আদেশ দেওয়া হয়েছে। গত মাসে জান্তা সরকারের এক মন্ত্রীর সঙ্গে সুচির এক বিরল বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়াও সেপ্টেম্বরে মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে আলোচনার জন্য জান্তার কাছে আনুষ্ঠাকিভাবে প্রস্তাব দেন সুচি। সু চি গত ২০ বছরের ১৪ বছরই গৃহবন্দি থেকেছেন। জান্তা সরকার বহুদলের অংশগ্রহণে ২০১০ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। সুচি তার চিঠিতে ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের সহকারি পররাষ্ট্রমন্ত্রী কুর্ট ক্যাম্পবেলের সঙ্গে বৈঠকের অনুমতি দেওয়ায় জান্তা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও তিনি তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) গৃহবন্দি তিন নেতার সঙ্গে বৈঠকের অনুমতি চেয়েছেন। জেনারেল থান শ'য়ের সঙ্গে বৈঠকের আগে দলের নেতাদের সঙ্গে নিজ বাড়িতে বৈঠক করারও অনুমতি চেয়েছেন সু চি। সুচির আইনজীবী ও এনএলডি'র মুখপাত্র নিয়ান উইন জানিয়েছেন, জান্তা সরকার এখনও সুচির চিঠির জবাব দেয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৬১৭ ঘ.