২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের গোয়েন্দা সংস্থায় গাড়িবোমা হামলায় নিহত ১০

পাকিস্তানের পেশাওয়ারে শুক্রবার প্রধান গোয়েন্দা সংস্থার কার্যালয়ে আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৬০ জন। কর্মকর্তারা একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ-৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2009, 06:00 AM

Updated : 26 Aug 2022, 12:21 PM

পেশাওয়ার, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের পেশাওয়ারে শুক্রবার প্রধান গোয়েন্দা সংস্থার কার্যালয়ে আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৬০ জন। কর্মকর্তারা একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ-৩) সামরিক এক মুখপাত্র বলেছেন, 'ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স' (আইএসআই) এর কার্যালয়ই হামলার লক্ষ্য ছিল। হামলাকারী কার্যালয়ের বাইরে একটি চেকপয়েন্টে বোমা বিস্ফোরণ ঘটায়। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জিম জোনস ইসলামাবাদে পাকিস্তানের সরকার ও সেনাকর্মকর্তাদের সঙ্গে পর পর কয়েকটি বৈঠক শুরুর আগে এ হামলার ঘটনা ঘটল। শহরে কর্মব্যস্ততা শুরুর আগে ভোর ৬টা ৪০ মিনিটে (০১৪০ জিএমটি) এ হামলা হয়। ওই সময় ভবনটিতে কত মানুষ ছিল তা জানা যায়নি। প্রাদেশিক তথ্যমন্ত্রী ম্ঞিা ইফতিখার হামলার কয়েক ঘণ্টা পর সাংবাদিকদের ৯ জন নিহত এবং ৫৫ জনের আহত হওয়ার খবর জানিয়েছিলেন। আহত এক সেনা নাসির রয়টার্সকে জানান, বোমা হামলাকারী চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয় এমন একটি গাড়িতে করে এসে হামলা চালায়। তিনি বলেন, গাড়িটি হঠাৎ করেই রাস্তার উল্টো দিক থেকে কার্যালয়ের দিকে এগুতে শুরু করে। গার্ডরা গুলি চালালেও গাড়িটি ভবনের প্রবেশপথে চলে আসে এবং গুলি চলার মাঝেই বিস্ফোরণ ঘটে। নগরীর প্রশাসক সাহিবজাদা আনিস শুরুতে হামলায় ৮ জন নিহত এবং ৩১ জন আহত হওয়ার খবর রয়টার্সকে জানিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, এ হামলার পর উত্তরপশ্চিমাঞ্চলীয় বান্নু শহরে শুক্রবার সকালে আরেকটি গাড়িবোমা হামলায় বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে। বান্নু শহরটি উত্তর ওয়াজিরিস্তনের আদিবাসী অঞ্চলের প্রবেশপথ এবং আফগান সীমান্তে জঙ্গিদের আরেকটি শক্ত ঘাঁটি। গত মাসেও রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদরদপ্তরে কমান্ডো অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে জিম্মি করে জঙ্গিরা। ১৭ অক্টোবর থেকে দক্ষিণ ওয়াজিরিস্তনে তালেবানদের বিরুদ্ধে পাক সেনাদের স্থলঅভিযান শুরুর পর পেশাওয়ারে বড় ধরনের কয়েকটি বোমা হামলা চালিয়েছে জঙ্গিরা। পেশওয়ারের বাসিন্দা আসাদ আলী বলেন, আমার দেখা সবচেয়ে বড় বোমা হামলা এটি। দেশজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থার আওতায় রাস্তায় গাড়ির ঘন ঘন তল্লাশি এড়িয়ে বোমা হামলাকারী কিভাবে আইএসআই কার্যালয়ে পৌঁছল তা এখনও পরিষ্কার নয়। গত মাসে রাওয়ালপিন্ডিতে হামলার সময় জঙ্গিরা সেনাদের পোশাক পরে সেনাবাহিনীর চিহ্নযুক্ত গাড়ি ব্যবহার করে হামলা চালায়। তবে তারা পরিকল্পনা অনুযায়ী সদর দপ্তরের ভেতরে ঢুকতে না পেরে সদর দপ্তরের বাইরের একটি নিরাপত্তা দপ্তরে কয়েকজনকে জিম্মি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/এমএইচবি/১৭৫৩ ঘ.