২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া সফরে বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার এশিয়া সফরের শুরুতেই জাপানে পৌঁছেছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2009, 05:27 AM

Updated : 26 Aug 2022, 12:21 PM

টোকিও, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার এশিয়া সফরের শুরুতেই জাপানে পৌঁছেছেন। ৯ দিনের এ সফরে তিনি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সম্মেলনে যোগ দিতে সিঙ্গাপুরে যাওয়া ছাড়াও চীন এবং দক্ষিণ কোরিয়ায় যাবেন। জাপান সফরকালে শুক্রবারেই প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোয়ামার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ওবামার। বৈঠকে ওকিনাওয়া দ্বীপে ফুতেনমা মার্কিন ঘাঁটি নিয়ে বিরোধ নিষ্পত্তির চেষ্টা নেবেন তিনি। শনিবার সিঙ্গাপুরে যাওয়ার আগে ওবামা এশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে একটি ভাষণ দেবেন এবং সম্রাট আকিহিতো ও সম্রাজ্ঞী মিচিকোর সঙ্গে সাক্ষাৎ করবেন। সিঙ্গাপুর সফর শেষে তিনি চীন এবং দক্ষিণ কোরিয়ায় যাবেন। চীন সফরকালে ওবামার আলোচ্যসূচিতে প্রাধান্য পাবে জলবায়ু পরিবর্তন ও বাণিজ্যিক ভারসাম্যহীনতার বিষয়টি। অন্যদিকে, দক্ষিণ কোরিয়া সফরে প্রাধান্য পাবে পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচি ইস্যু। যুক্তরাষ্ট্রের ওপর কম নির্ভরশীলতার প্রতিশ্র"তি নিয়ে ক্ষমতায় আসা জাপানের প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোয়ামার নতুন সরকারের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে সম্প্রতি দ্বন্দ্ব দেখা দিয়েছে মার্কিন মেরিন সেনাদের ফুতেনমা বিমান ঘাঁটি নিয়ে। ওবামা এবং হাতোয়ামা দুজনই এ বিরোধ মেটানোর চেষ্টা নেবে বলে মনে করা হচ্ছে। ওবামা জাপানে পৌঁছার আগেই শুক্রবার সকালে এক সাংবাদিকদের হাতোয়ামা বলেন, "আমাদের শীর্ষ বৈঠকের মধ্য দিয়ে আমি বিশ্বের প্রেক্ষপটে জাপান-যুক্তরাষ্ট্র সম্পর্কের গুরুত্ব তুলে ধরতে চাই।" কিন্তু উদ্বেগ প্রশমন এবং দু'দেশের ৫ দশকের পুরোনো মিত্রতায় নতুন দিগন্তের সূচনা করা খুব কঠিন হবে বলেই মনে করা হচ্ছে। ওবামার সফরকালে রাতারাতি ফুতেনমা ঘাঁটি নিয়ে বিরোধ নিষ্পত্তিতে উল্লেখযোগ্য কোনও অগ্রগতির সম্ভাবনা কম। যদিও হাতোয়ামা বৃহস্পতিবার বলেছেন এ ইস্যুর দ্রুত সমাধান চান তিনি। মার্কিন কর্মকর্তারা স্পষ্টতই বলে দিয়েছেন, যুক্তরাষ্ট্র চায় টোকিও ২০০৬ সালের চুক্তি বাস্তবায়ন করুক। এ চুক্তির আওতায় জাপানের ওকিনাওয়া দ্বীপের জনবহুল এলাকায় অবস্থিত ফুতেনমা ঘাঁটি বন্ধ করে দিয়ে এটিকে দ্বীপটির প্রত্যন্ত অঞ্চলে সরিয়ে নিতে পারবে যুক্তরাষ্ট্র। তাছাড়া, ফুতেনমা ঘাঁটির অবস্থান বদল করাটা ৮ হাজার মেরিন সেনাকে গুয়াম এ সরিয়ে নেওয়ারও পূর্বশর্ত । কিন্তু হাতোয়ামা নির্বাচনের আগে থেকেই বলে আসছেন, ফুতেনমা ঘাঁটি ওকিনাওয়া থেকে সরিয়ে নেওয়া উচিত। ওকিনাওয়ার অধিবাসীরাও এ মত সমর্থন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩১৩ ঘ.