রামাল্লা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আবারও ইসরায়েলি বসতি নির্মাণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন যাতে শান্তি আলোচনা শুরু করা যায়। তিনি ইসরায়েলকে ফিলিস্তিনের রাষ্ট্র মর্যাদা অর্জন নস্যাত করার চেষ্টার জন্য অভিযুক্ত করেছেন।
পূর্বসূরি ইয়াসির আরাফাতের মঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রামাল্লায় ফাতাহ পার্টির সমর্থকদের উদ্দেশে বক্তৃতায় আব্বাস বলেন, ৬০ বছরের সংঘাত অবসানের জন্য জাতিসংঘের নেওয়া প্রস্তাবেই আলোচনার বিষয়াবলি নিয়ে সুস্পষ্ট রূপরেখা রয়েছে।
"আমরা একটি রূপরেখা ছাড়া আলোচনায় যেতে পারি না। এবং আমরা বলছি এই রূপরেখা হচ্ছে জাতিসংঘের প্রস্তাব যার অর্থ ১৯৬৭ সালের সীমান্ত।" আব্বাস একথা বলে প্রশ্ন রাখেন, "এতে নতুন দাবি কই?"
৭৪ বছর বয়সী এ নেতা বলেন, "এ ছাড়া আমরা প্রাকৃতিক বিকাশসহ বসতি স্থাপন পুরোপুরি বন্ধ করা চাই এবং জেরুজালেমেও এটি হতে হবে।"
সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, "এসব ছাড়া আমি রাজি (শান্তি আলোচনা) হব না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০৩৫ ঘ.
bdnews24