মস্কো, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- রুশ নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী ভিতালি গিনজবার্গ রোববার মস্কোয় মারা গেছেন। সোভিয়েত ইউনিয়নের হাইড্রোজেন বোমা প্রকল্পের এই বিজ্ঞানী র্দীঘদিনের অসুস্থতার পর ৯৩ বছর বয়সে মারা গেলেন।
বিজ্ঞানী গিনজবার্গ ২০০৩ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান। খুব কম তাপমাত্রায় অবাধে বিদ্যুৎ পরিবাহী ধাতব সুপারকন্ডাকটরের উন্নয়ন ঘটানোর জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়। তার সঙ্গে আরও দুজন বিজ্ঞানী, ব্রিটিশ আমেরিকান এন্থনি লেগেট ও রাশিয়ান জন্মগ্রহণকারী আমেরিকান আলেক্সেই আবরিকোসভ এ পুরস্কার পেয়েছিলেন।
গিনজবার্গ আত্মজীবনীতে লিখেছেন, তার সঙ্গে সোভিয়েট এইচ-বোমা নিয়ে কাজ করেছিলেন আরও একজন পদার্থবিদ, পরে বিখ্যাত ভিন্নমতাবলম্বী আন্দে্রঁ শাখারভ। ডিভাইসটি তৈরির জন্য দুটি মূল ধারণার পত্তন করেছিলেন দুজন মিলেই।
১৯৪৪ সালে সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিনের জীবননাশের চক্রান্তে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার ও কারাবন্দি হওয়া এক নারীকে বিয়ে করায় গিনজবার্গের কেরিয়ারে ধস নামে। কিন্তু পরমাণু বোমা প্রকল্পে কাজ করার সুবাদে স্ট্যালিনের খড়গ থেকে রক্ষা পেয়েছিলেন তিনি।
তবে ১৯৫১ সালে স্ট্যালিন নতুন করে ইহুদি-বিরোধী তৎপরতা শুরু করার পর গিনজবার্গকে বোমা প্রকল্প থেকে বাদ দেওয়া হয়।
১৯৫৩ সালে স্ট্যালিনের মৃত্যু হলে গিনজবার্গ তার এক লেখায় এ ঘটনাকে অভাবনীয় সৌভাগ্য উল্লেখ করে লেখেন, "মহান এ নেতা যে পরিকল্পনা করেছিলেন তা করার যথেষ্ট সময় না পেয়েই মারা গেলেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/১৭১১ ঘ.
bdnews24