২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন ঘাঁটি সরানোর দাবিতে জাপানে বিক্ষোভ

মার্কিন মেরিন ঘাঁটি সরানোর দাবিতে জাপানের ওকিনাওয়া দ্বীপে রোববার বিক্ষোভ করেছে হাজার হাজার জাপানি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার জাপান সফরের কয়েকদিন আগে এ বিক্ষোভ হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2009, 01:03 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

জাপান, নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন মেরিন ঘাঁটি সরানোর দাবিতে জাপানের ওকিনাওয়া দ্বীপে রোববার বিক্ষোভ করেছে হাজার হাজার জাপানি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার জাপান সফরের কয়েকদিন আগে এ বিক্ষোভ হল। ২১ হাজার বিক্ষোভকারী বিক্ষোভে শামিল হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। গিনোয়ান নগরীর মেয়র ইয়োইচি ইহা সমবেত জনতার উদ্দেশ্যে বলেন, "ওয়াকিনাওয়ার ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবে এ অঞ্চলের জনগণ। আমরা যুক্তরাষ্ট্রকে আমাদের জন্য সিদ্ধান্ত নিতে দিতে পারি না।" ওয়াকিনাওয়ার এই বিক্ষোভ জাপানের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোয়ামার জন্য মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়াতে পারে। ২০০৬ সালের যুক্তরাষ্ট্র-জাপান চুক্তির আওতায় ওকিনাওয়ার গিনোয়ান নগরীতে ফুতেনমা মার্কিন মেরিন ঘাঁটি বন্ধ করে দিয়ে এর জায়গায় ২০১৪ সালের মধ্যে আরেকটি ঘাঁটি স্থাপনের কথা রয়েছে যুক্তরাষ্ট্রের। দ্বীপটির প্রত্যন্ত হেনোকো এলাকায় নতুন ঘাঁটিটি আংশিক নির্মিত রয়েছে। ফুতেনমা ঘাঁটি পুনস্থাপনের এই চুক্তি যুক্তরাষ্ট্রের বৃহত্তর সেনা পুনর্গঠন পরিকল্পনারই অংশ। ১২ নভেম্বরে ওবামার জাপান সফরের আগেই চুক্তিটি অনুমোদন করার জন্য টোকিওকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। কিন্তু প্রধানমন্ত্রী হাতোয়ামা নির্বাচনে জয়ী হওয়া পর্যন্ত বলে এসেছেন, দ্বীপটি থেকে ওই ঘাঁটি সরিয়ে ফেলা উচিত। তার এই মত সমর্থন করেছে ওকিনাওয়ার ৭০ শতাংশ অধিবাসী। মাইচিনি পত্রিকায় এ সপ্তাহে প্রকাশিত এক জরিপে এমনটি দেখা গেছে। রোববারের বিক্ষোভে যোগ দেওয়া ৬০ বছর বয়সী এক নারী শিনজাতো বলেন, "ফুতেনমা থেকে মুক্ত হওয়াটা ওকিনাওয়ায় সব মার্কিন ঘাঁটি সরানোর শুভসূচনা করবে।" ওকিনাওয়ার মার্কিন ঘাঁটি নিয়ে এই বিরোধে যুক্তরাষ্ট্রের ৪৭ হাজার সামরিক কর্মকর্তার পুনর্বিন্যাস পরিকল্পনা এবং জাপান-যুক্তরাষ্ট্র সম্পর্ক হুমকির মুখে পড়ল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫০ ঘ.