২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাতির কাণ্ড বিশ্বাস হচ্ছে না দাদার

টেক্সাসের একটি সেনাঘাঁটিতে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যা ও ৩০ জনকে আহতকারী মার্কিন সেনাবাহিনীর মনোচিকিৎসকের দাদা বলেছেন, তার নাতি এরকম কাণ্ড ঘটিয়েছে তা তার বিশ্বাস করা কঠিন মনে হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2009, 03:09 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

পশ্চিম তীর, ৭ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- টেক্সাসের একটি সেনাঘাঁটিতে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যা ও ৩০ জনকে আহতকারী মার্কিন সেনাবাহিনীর মনোচিকিৎসকের দাদা বলেছেন, তার নাতি এরকম কাণ্ড ঘটিয়েছে তা তার বিশ্বাস করা কঠিন মনে হচ্ছে। "সে একজন চিকিৎসক এবং যুক্তরাষ্ট্রকেও ভালবাসে" দাদা মুস্তফা হামাদ ফিলিস্তিনি শহ আল-বাইরেহ শহরে নিজ বাড়িতে বসে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন।" অভিবাসী বাবা-মায়ের সন্তান ও যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী মেজর নিদাল মালিক হাসান (৩৯) হামলা চালানোর সময় পুলিশের গুলিতে আহত হয়ে এখন টেক্সাসের সান অ্যান্তোনিয় হাসাপাতালে চিকিৎসাধীন। ৮৮ বছর বয়সী মুস্তফা হামাদ বলেন, "সে কি ক্রুদ্ধ হয়েছিল বা তার কী হয়েছিল তা আমি জানি না...আমি শুধু জানি সে এরকম কিছু ঘটাতে পারে সেটা অসম্ভব এক ব্যাপার।" যুক্তরাষ্ট্রের আহত সৈনিকদের- যাদের অনেকে ইরাক ও আফগানিস্তানের যুদ্ধে হাত-পা হারিয়েছেন -বহুবছর ধরে তাদের মানসিক চিকিৎসা ও সান্ত্বনা দিয়ে এসেছেন হাসান। দাদা জানান, ১০ বছর আগে অধিকৃত পশ্চিম তীরে তাকে সর্বশেষ দেখতে এসেছিল সে। পরে তিনি যুক্তরাষ্ট্রে নাতির কাছে গেছেন। হামাদ ওই হত্যাকাণ্ডে কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকার ধারণা নাকচ করে দেন। তিনি বলেন, "সে আমার বাড়িতে এসে থাকত, আমার সঙ্গে মজা করত। কখনো রাজনীতির প্রতি তার আগ্রহ দেখিনি। সে এমনকি টেলিভিশনও দেখত না।" বিশ্বের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি ফোর্ট হুডে ওই হত্যাকাণ্ড ঘটে। এর মুখপাত্র কর্নেল জন রোসি বলেছেন, হাসান এখনো অচেতন তবে অবস্থা স্থিতিশীল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১০২ ঘ.