২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে ব্রিগেডিয়ারসহ দুজন আহত

পাকিস্তানের রাজধানীতে শুক্রবার বন্দুকধারীরা মোটরসাইকেল থেকে গুলি চালালে এক ব্রিগেডিয়ার ও তার গাড়িচালক আহত হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে মধ্য অক্টোবরে সেনা অভিযান শুরু হওয়ার পর ইসলামাবাদে মোটরসাইকেল থেকে সেনা কর্মকর্তাদের ওপর এটি তৃতীয় হামলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2009, 10:11 AM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ইসলামাবাদ, ৬ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের রাজধানীতে শুক্রবার বন্দুকধারীরা মোটরসাইকেল থেকে গুলি চালালে এক ব্রিগেডিয়ার ও তার গাড়িচালক আহত হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে মধ্য অক্টোবরে সেনা অভিযান শুরু হওয়ার পর ইসলামাবাদে মোটরসাইকেল থেকে সেনা কর্মকর্তাদের ওপর এটি তৃতীয় হামলা। পাকিস্তানি সেনাবাহিনী জাতিগত পশতুন অধ্যুষিত দক্ষিণ ওয়াজিরিস্তান থেকে তালেবান জঙ্গিদের নির্মূল করতে ১৭ অক্টোবর সেখানে অভিযান শুরু করেছে। শুক্রবারের হামলায় পুলিশ আহতদের পরিচয় জানাতে অস্বীকৃতি জানালেও সেনা কর্মকর্তারা বলেছেন, আহতদের একজন ব্রিগেডিয়ার এবং অন্যজন তার গাড়িচালক। নাম প্রকাশ না করার শর্তে সেনা কর্মকর্তারা বলেন, "দুজনেই আশঙ্কামুক্ত।" ডন টেলিভিশন জানায়, আহত ব্রিগেডিয়ার একটি সেনা গোয়েন্দা সংস্থায় কর্মরত। গত ২২ অক্টোবর একই ধরনের হামলায় একজন ব্রিগেডিয়ার ও তার গাড়িচালক নিহত হন। কয়েক দিন পর আরেকটি সেনা গাড়ি লক্ষ্য করে হামলা হলেও আরোহীরা রক্ষা পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬০৪ ঘ.