নিউ ইয়র্ক, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- বিদ্যুৎ উৎপাদনের দাবিতে ইরানের চালিয়ে আসা পরমাণু কর্মসূচি আঞ্চলিক শক্তি হিসাবে দেশটিকে স্বীকার করে নিতে বিশ্বকে বাধ্য করারই চেষ্টা। জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা (আইএইএ) প্রধান মোহাম্মদ এলবারাদি বুধবার একথা বলেছেন।
পরমাণু নিরস্ত্রীকরণ ফোরামে বারাদি বলেন, "তাদের ধারণা, পরমাণু প্রযুক্তির ব্যবহার মর্যাদা ও শক্তি বাড়ায়। তাছাড়া, যুক্তরাষ্ট্র তাদের দিকে দৃষ্টি দিক সেটিও চায় তারা। দুঃখজনকভাবে তা কিছুটা সত্যও হয়েছে। ইরান তাদের কর্মসূচি শুরু করার পর থেকেই তাদেরকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে।"
বারাদি বলেন, "ইরানের পরমাণু কর্মসূচি একটি লক্ষ্যে পৌঁছানোর উপায়। তেহরান আঞ্চলিক শক্তি হিসাবে স্বীকৃতি চায়।"
তবে এলবারাদি তার পুরোনো অবস্থান ব্যক্ত করে এও বলেন যে, তেহরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে--- পশ্চিমাদের এ সন্দেহের কোনও অকাট্য প্রমাণ নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৪৪ ঘ.
bdnews24