ইয়াঙ্গুন, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- মিয়ানমারের গৃহবন্দি বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি'র সঙ্গে বুধবার বিরল বৈঠক করেছেন শীর্ষ মার্কিন কর্মকর্তা কুট ক্যাম্পবেল। সেনাশাসিত মিয়ানমারে ১৪ বছরের মধ্যে ওয়াশিংটনের উচ্চপর্যায়ের সফরের অংশ হিসাবে এ বৈঠক হল।
সু চির ইয়াঙ্গুনের ইনিয়া লেকের পাড়ের বাড়ির কাছে একটি হোটেলে তার সঙ্গে দু ঘন্টার বেশি সময় বৈঠক করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্যাম্পবেল।
পরে মিয়ানমার ত্যাগের আগে ইয়াঙ্গুন বিমানবন্দরে ক্যাম্পবেল বলেন, যুক্তরাষ্ট্র জান্তা সরকারের সঙ্গে সম্পর্কোন্নয়ন চায়। কিন্তু সে লক্ষ্যে জান্তা কর্তৃপক্ষেরও কিছু বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
মিয়ানমার সফরকে অনুসন্ধানী মিশন হিসাবে বর্ণনা করে ক্যাম্পবেল বলেন, এর লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের মিয়ানমার নীতির প্রতিপাদ্য ব্যাখ্যা করা। তিনি বলেন, যুক্তরাষ্ট্র মানবাধিকার, সু চিসহ অন্যান্য সব রাজবন্দির মুক্তি ও গণতান্ত্রিক সংস্কারের অগ্রযাত্রার পক্ষে।
তিনি আরও বলেন, "প্রতিটি বৈঠকেই যুক্তরাষ্ট্র মিয়ানমারকে তার জনগণের অধিকার অক্ষুন্ন রাখা, গণতন্ত্র চালু রাখা এবং বিভিন্ন জাতিসংঘ প্রস্তাবনা মেনে চলা রাষ্ট্র হিসাবে দেখার দৃঢ় অঙ্গীকারের ওপর জোর দিয়ে আসছে।"
এর আগে সু চি এবং ক্যাম্পবেল দুজনই ছবি তোলার জন্য পোজ দেন। কিন্ত তারা সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর দেননি।
সু চির সঙ্গে বৈঠকের আগে বুধবার ক্যাম্পবেল মিয়ানমারের প্রধানমন্ত্রী থিয়েন সিয়েনের সঙ্গে বৈঠক করেন। এর আগের দিন মঙ্গলবার তিনি মিয়ানমারের নতুন রাজধানী নিপিধোতে জান্তা কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। তবে জান্তা নেতা থান শয়ের সঙ্গে দেখা করেননি তিনি।
মার্কিন পররাষ্ট্রদপ্তরের মুখপাত্র আয়ান কেলি জানান, এ সমস্ত বৈঠকে ক্যাম্পবেল সরকারি নেতাদেরকে বলেছেন, "যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করতে প্রস্তুত। কিন্তু এটি হবে ধাপে ধাপে। আর তা অবশ্যই বার্মা সরকারের বাস্তবসম্মত প্রচেষ্টা এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই হতে হবে।"
কেলি ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, "মার্কিন কর্মকর্তারা সরকার এবং বিরোধীদলের মধ্যে সংলাপের বিষয়টিতে আমাদের সমর্থনের কথা জোর দিয়ে বলেছেন। এ ধরনের সংলাপের লক্ষ্য হবে বার্মায় জাতীয় সংহতি এবং পূর্ণ অংশগ্রহণভিত্তিক রাজনৈতিক প্রক্রিয়া গড়ে তোলা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৪৩ ঘ.
bdnews24