নয়াদিল্লি, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনের কাছে বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত দালাই লামা রোববার থেকে সপ্তাহব্যাপী ভারতের অরুণাচল প্রদেশ সফর শুরু করেছেন। ওই প্রত্যন্ত অঞ্চলটি চীনও নিজের দাবি করে থাকে এবং দু' দেশই এ নিয়ে সীমান্ত বিরোধ নিষ্পত্তি চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামা বলেছেন, ধর্মীয় বাণী প্রচারই তার এ সফরের উদ্দেশ্য। কিন্তু বেজিং তার এই সফরের তীব্র সমালোচনা করেছে। চীনের নিজস্ব ভূখণ্ড বলে দাবি করা স্বশাসিত তাইওয়ান সফরের দু'মাসের মাথায় দালাই লামা অরুণাচল যাওয়ায় ক্ষুব্ধ হয়েছে বেজিং।
চীনা শাসনের বিরুদ্ধে একটি গণঅভুত্থ্যান ব্যর্থ হওয়ার পর দালাই লামা ১৯৫৯ সালে ভারতে পালিয়ে যান। বেজিং তাকে বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়ে বলেছে, তিব্বতের স্বাধীনতার জন্য তিনি উসকানি দিচ্ছেন। তবে এ অভিযোগ অস্বীকার করে দালাই লামা বলে আসছেন, তিনি শুধু তিব্বতের স্বায়ত্তশাসন চাচ্ছেন।
মঙ্গলবার চীন অভিযোগ করে বলেছে, দালাই লামা বিরোধপূর্ণ সীমান্ত অঞ্চলটি সফরের উদ্যোগ নিয়ে দিল্লির সঙ্গে বেজিংয়ের সম্পর্কের অবনতি ঘটানোর চেষ্টা করছে।
এশিয়ার দুই বৃহৎ প্রতিবেশির মধ্যে সীমান্ত বিরোধের বিষয়টি আবার মাথা চাড়া দিয়ে উঠলেও বেজিং দালাই লামার এই সফর নিয়ে উত্তেজনা বাড়াবে না বলেই আশা করা হচ্ছে।
জওয়াহেরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ইস্ট এশিয়া স্টাডিজের প্রধান শ্রীকান্ত কোনদাপল্লি বলেছেন "দালাই লামার এই সফর এই দৃঢ় স্বীকৃতিরই ঘোষণা দিচ্ছে যে, তাওয়াং ভারতের অংশ।"
অরুণাচল প্রদেশের তাওয়াংসহ এর সংলগ্ন অঞ্চলকে চীন তীব্বতের 'দক্ষিণাঞ্চল' হিসেবে দেখে থাকে চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মা ঝাওয়াক্সু দালাই লামাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে আগের সমালোচনা পুনর্ব্যক্ত করেন মঙ্গলবার। তবে তাকে সফরের অনুমতি দেওয়ায় দিল্লির নিন্দা জানানো থেকে বিরত থেকেছেন তিনি। বরং চীন-ভারত সম্পর্কের গুরুত্ব তুলে ধরেছেন।
উত্তেজনা সৃষ্টির জন্য দালাই লামার ওপর দোষ চাপিয়েছেন তিনি।
বেজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে দালাই লামার অরুণাচল যাওয়ার বিষয়টি তোলা হলে তিনি বলেন, "দালাই লামা হরহামেশাই মিথ্যা বলেন এবং প্রায়ই চীনের সঙ্গে অন্য দেশের সম্পর্ক নস্যাতের চেষ্টা চালান।"
"আমি আস্থাশীল যে চীনের সঙ্গে সংশ্লিষ্ট দেশটির সম্পর্ক নষ্ট করতে তার চেষ্টায় কোনো ফল হবে না।"
মা বলেন, গত মাসে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং দু'দেশের মধ্যে "স্বাস্থ্যকর ও স্থিতিশীল" সম্পর্কোন্নয়নের প্রতি মনযোগী হওয়ার অঙ্গীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৫৩ ঘ.
bdnews24