২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন-ভারত সম্পর্ক নষ্টের চেষ্টা চালাচ্ছে দালাই লামা: বেজিং

দালাই লামা বিরোধপূর্ণ সীমান্ত অঞ্চল অরুণাচল সফরের উদ্যোগ নিয়ে দিল্লির সঙ্গে বেজিংয়ের সম্পর্কের অবনতি ঘটানোর চেষ্টা করছে বলে মঙ্গলবার অভিযোগ করেছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2009, 01:32 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

বেইজিং, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দালাই লামা বিরোধপূর্ণ সীমান্ত অঞ্চল অরুণাচল সফরের উদ্যোগ নিয়ে দিল্লির সঙ্গে বেজিংয়ের সম্পর্কের অবনতি ঘটানোর চেষ্টা করছে বলে মঙ্গলবার অভিযোগ করেছে চীন। তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামা আগামী সপ্তাহে অরুণাচল প্রদেশে যাবেন। এতে বেজায় ক্ষুব্ধ হয়েছে চীন। অরুণাচলের কিছু অংশ নিজের বলে দাবি করে চীন। বেজিং এ নিয়ে ক্ষোভ ভারত সরকারের পরিবর্তে এখন দালাই লামার ওপর ঢাললো। এশিয়ার দুই বৃহৎ প্রতিবেশির মধ্যে সীমান্ত বিরোধের বিষয়টি আবার মাথা চাড়া দিয়ে উঠলেও বেজিং দালাই লামার এই সফর নিয়ে উত্তেজনা বাড়াবে না বলেই আশা করা হচ্ছে। ৮ নভেম্বর দালাই লামার সফর শুরু হচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মা ঝাওয়াক্সু দালাই লামাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে আগের সমালোচনা পুনর্ব্যক্ত করেন। তবে তাকে সফরের অনুমতি দেওয়ায় দিল্লির নিন্দা জানানো থেকে বিরত থেকেছেন তিনি। বরং চীন-ভারত সম্পর্কের গুরুত্ব তুলে ধরেছেন। উত্তেজনা সৃষ্টির জন্য দালাই লামার ওপর দোষ চাপিয়েছেন তিনি। বেজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে দালাই লামার অরুণাচল যাওয়ার বিষয়টি তোলা হলে তিনি বলেন, "দালাই লামা হরহামেশাই মিথ্যা বলেন এবং প্রায়ই চীনের সঙ্গে অন্য দেশের সম্পর্ক নস্যাতের চেষ্টা চালান।" "আমি আস্থাশীল যে চীনের সঙ্গে সংশ্লিষ্ট দেশটির সম্পর্ক নষ্ট করতে তার চেষ্টায় কোনো ফল হবে না।" চীনের সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের প্রায় ৯০ হাজার বর্গ কিলোমিটার এলাকা নিজেদের দাবি করে বেজিং। ওই অঞ্চলকে "দক্ষিণ তিব্বত" হিসেবে দেখা হয়। মা বলেন, গত মাসে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং দু'দেশের মধ্যে "স্বাস্থ্যকর ও স্থিতিশীল" সম্পর্কোন্নয়নের প্রতি মনযোগী হওয়ার অঙ্গীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯২৩ ঘ.