বুয়েনস আয়ার্স, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অপহরণ, অত্যাচার ও একটি নির্যাতন শিবিরে ৫৬ জনকে হত্যার অভিযোগে সোমবার আর্জেন্টিনার শেষ সামরিক শাসক রেনাল্ডো বিনন (৮১) এর বিচার শুরু হয়েছে। ১৯৭৬ থেকে ৮৩ পর্যন্ত আর্জেন্টিনায় একনায়কত্ব বজায় ছিল।
বিননের বয়স এখন ৮১ বছর। ১৯৮২-৮৩ পর্যন্ত আর্জেন্টিনার ক্ষমতায় ছিলেন। তিনি ছাড়াও আরও সাত সাবেক সামরিক ও পুলিশ কর্মকর্তা তিন সদস্যের বিচারক প্যানেলের মুখোমুখি হচ্ছেন। তারা ক্যাম্পো দি মায়ো সেনাঘাঁটিতে বন্দিদের মারধর, পানিতে চুবানো এবং ইলেকট্রিক শক দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ আনা হয়েছে।
বুয়েনস আয়ার্সের উপকণ্ঠের একটি ইনডোর ফুটবল মাঠে ওই বিচার শুরুহয়েছে। বিনন ও তার সহযোগীদের নির্যাতনের শিকারদের আত্মীয় ছাড়াও শ' শ লোক ওই মামলার শুনানি শুনতে যান। এতো লোককে জায়গা দেওয়ার মতো কোনো আদালত কক্ষ না থাকায় ওই মাঠে শুনানি অনুষ্ঠিত হয়।
আর্জেন্টিনায় স্বৈরশাসনের বিরোধী বামপন্থি ও অন্য দলগুলোর বিরুদ্ধে দমন অভিযান 'ডার্টি ওয়ার' এ প্রায় ১১ হাজার লোক নিহত অথবা গায়েব হয়ে গিয়েছিল বলে সরকারি প্রতিবেদনে বলা হয়েছে। তবে মানবাধিকার সংস্থাগুলো বলে থাকে এ সংখ্যা প্রায় ৩০ হাজার।
এ ঘটনায় নিখোঁজ একজনের আত্মীয় ও আইনজীবী আলসিরা রিওস বলেন, "সত্যের অনুসন্ধান ও যারা নিখোঁজ রয়েছে তাদের জন্য এ এক ঐতিহাসিক বিচার।"
তিনি এটাও বলেন, "আমরা বিচার থেকে কাউকে রেহাই দেবো না। আর্জেন্টাইন সমাজের প্রতি আমরা দায়বদ্ধ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৬১৯ ঘ.
bdnews24