কাবুল, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানে পুননির্বাচিত প্রেসিডেন্ট হামিদ কারজাই মঙ্গলবার সবার অংশগ্রহণে ব্যাপকভিত্তিক সরকার গড়ার অঙ্গীকার করেছেন। সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি কঠোর হাতে দমনের মধ্য দিয়ে আফগানিস্তানে নতুন অধ্যায় রচনায় পশ্চিমাদের তাগাদার মুখে কারজাই এ অঙ্গীকার করলেন। (আরও তথ্যসহ)
টেলিভিশনে জাতির উদ্দেশ্যে বিজয়ী ভাষণে কারজাই বলেন, "আমার সরকার হবে সব আফগানের সরকার। আর যারা আমার সঙ্গে কাজ করতে চায় তাদের সবাইকে স্বাগতম।"
আফগানিস্তানের নির্বাচনী কর্মকর্তারা সোমবার ২য় দফা ভোট বাদ দিয়ে কারজাইকে প্রেসিডেন্ট ঘোষণা করে। নির্বাচন নিয়ে মারাত্মক উদ্বেগ প্রকাশ করে প্রতিপক্ষ অবদুল্লাহ আবদুল্লাহ ৭ নভেম্বরের ভোট থেকে সরে দাঁড়ানোয় নির্বাচন কমিশন ওই সিদ্ধান্ত নেয়।
এতে করে ওয়াশিংটন ও অন্যান্য পশ্চিমা মিত্রদেরকে বৈধতা নিয়ে প্রশ্নের সম্মুখীন হওয়া কারজাইয়ের সঙ্গে কাজ করতে হচ্ছে। অন্যদিকে, কারজাইও নতুন করে আরও শক্তিশালী অবস্থান নিয়ে কাজে নামার চাপের মুখে পড়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ও অন্যান্য পশ্চিমা নেতাদের কাছ থেকে ইতোমধ্যেই কথা নয়, কাজ করে দেখানোর সতর্কবার্তার মুখে কারজাই মঙ্গলবার দেশে ব্যাপকভিত্তিক সরকার গড়ার অঙ্গীকার করে বলেন, "আমাদের সরকার হবে আফগানিস্তানের আয়না। সুতরাং প্রত্যেকেই সেই আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পাবে।"
ব্যাপকভিত্তিক ওই সরকারের সমর্থক বা বিরোধী যে কারও সঙ্গেই কাজ করার প্রতিশ্র"তি দিয়েছেন কারজাই।
তিনি আরও বলেন, "আমাদের ভবিষ্যৎ সরকারে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন ঘটবে। প্রশাসনিক দুর্নীতি নিয়ে আফগানিস্তানের সুনামহানি হয়েছে। যে করেই হোক আমরা এই দোষমুক্ত হওয়ার চেষ্টা করব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫০৩ ঘ.
bdnews24