কাবুল, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে এইচ১এন১ ফ্লুর এর দ্রুত বিস্তার ঠেকাতে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। সব স্কুল তিন সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
এইচ১এন১ ভাইরাস তথা সোয়াইন ফ্লুতে গত সপ্তাহে আফগানিস্তানে প্রথম একজনের মৃত্যুর পর সরকার বিয়ের অনুষ্ঠানের মতো বদ্ধ এলাকায় জমায়েত না হওয়ারও পরমার্শ দিয়েছে জনগণকে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ইতিমধ্যে আফগানিস্তানে দেশি ও বিদেশি লোক মিলিয়ে সাড়ে তিনশ জনের এইচ১এন১ পজিটিভ ধরা পড়েছে।
ফরিদ রায়িদ রয়টার্সকে বলেন, আক্রান্তদের মধ্যে ২৭১ জন বিদেশি, বাকিরা আফগান। কয়েক মাসের মধ্যে নাটকীয়ভাবে ফ্লু'র বিস্তারের এটি সুস্পষ্ট লক্ষ্মণ।
তিনি বলেন, "আমরা স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা ঘোষণা করেছি যার আওতায় কিন্ডারগার্টেনসহ সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তিন সপ্তাহের জন্য বন্ধের আদেশ দেওয়া হয়েছে।"
"দু'সপ্তাহের পর পর্যালোচনা করে দেখা হবে স্কুল খোলা যাবে কি না।"
আফগানিস্তানে আগামী ৭ নভেম্বরের দ্বিতীয় দফা নির্বাচন হবে কিনা এ অনিশ্চয়তার মাঝে এই সতর্কতা জারি করা হল।
জাতিসংঘের 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা' রোগটি মোকাবেলায় আফগানিস্তানে ১০ লাখ ডোজ টিকা দেওয়ার অঙ্গীকার করেছে বলে জানান ফরিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৩৫ ঘ.
bdnews24