প্রিস্টিনা, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সার্বিয়ার জাতিগত আলবেনীয় হত্যা ঠেকানোয় অবদানের জন্য রোববার সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের একটি মূর্তি উন্মোচন করেছে কসোভোর সংখ্যাগরিষ্ঠ আলবেনীয়রা। ক্লিনটনের উপস্থিতিতেই তার মূর্তি উন্মোচন করা হয়।
এ সময় সমবেত আলবেনীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন ক্লিনটন। ভাষণ চলার মাঝেই ক্লিনটন, যুক্তরাষ্ট্রের নামে স্লোগান দিয়ে এবং যুক্তরাষ্ট্র, আলবেনিয়া ও কসোভোর পতাকা নেড়ে উল্লাস করে কসোভোর আলবেনীয়রা।
ক্লিনটন বলেন, "আমি ১০ বছর আগে আপনাদের বিরুদ্ধে সংঘটিত ওই ধরনের একটি ভয়াবহ ঘটনা ঠেকানোর মতো মহৎ কাজ করার সুযোগ পেয়ে সত্যিই কৃতজ্ঞ। ওই পদক্ষেপ আপনাদেরকে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগ করে দিয়েছে।"
৩ মিটার (১০ ফুট) উচ্চতার মূর্তি উন্মোচনের পর ক্লিনটন আরও বলেন, "আমি কখনোই প্রত্যাশা করিনি....... কোথাও কেউ আমার এত বড় মূর্তি বানাবে।"
১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে বিল ক্লিনটন সার্বীয় সেনাদের জাতিগত আলবেনীয় হত্যা ঠেকাতে ন্যাটো বিমান হামলা শুরু করেছিলেন। তার এ পদক্ষেপে সার্বিয়ার জাতিগত শুদ্ধি অভিযান থেকে রক্ষা পায় কসোভোর জাতিগত আলবেনীয়রা।
সেই থেকে কসোভোর আলবেনীয়রা তাদের ত্রাণকর্তা হিসাবে বিল ক্লিনটন, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং ক্লিনটন আমলের পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইটের প্রতি কৃতজ্ঞ।
গত বছর কসোভো সার্বিয়া থেকে স্বাধীনতা লাভ করেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রধান রাষ্ট্রগুলোসহ বিশ্বের ৬২টি দেশ কসোভেকে স্বীকৃতি দিয়েছে।
কসোভোবাসীকে সার্ব ও অন্যান্য সংখ্যালঘুদের নিয়ে একটি বহুজাতীয় রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে ক্লিনটন বলেন, যুক্তরাষ্ট্র সব সময়ই কসোভোর জনগণকে সহায়তা করবে।
তিনি বলেন, "আপনাদের ভালো কিছু গড়তে হবে এবং আমরা তাতে সহায়তা করব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২৩৮ ঘ.
bdnews24