জাতিসংঘ, ১ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের এমপি'রা শনিবার জাতিসংঘের খসড়া পরমাণু জ্বালানি চুক্তির বিরোধিতা করেছেন। এতে করে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উত্তেজনা প্রশমনের লক্ষ্য অর্জনের সম্ভাবনা নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে।
জাতিসংঘের পরিকল্পনা অনুযায়ী, ইরানকে কম সমৃদ্ধ ইউরেনিয়াম (এলইইউ) আরও বেশি প্রক্রিয়াজাত করতে বিদেশে পাঠাতে হবে। ইরানকে উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে পরমাণু বোমা বানানো থেকে নিবৃত্ত করতে পশ্চিমারা অগ্রাধিকার ভিত্তিতে তেহরানের এলইইউ এর মজুদ কমাতে চায়।
কিন্তু ইরান বরাবরই তাদের পরমাণু কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত বলে দাবি করে আসছে। ইরানের রাজনীতিবিদরা জাতিসংঘের ওই পরিকল্পনা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন। কয়েকজন এমপি ইউরেনিয়াম বিদেশে পাঠানোর পরিবর্তে বরং পরমাণু চুল্লির জন্য প্রয়োজনীয় জ্বালানি ইরানের কেনা উচিত বলে মত দিয়েছেন।
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির প্রধান আলেদ্দিন বোরোওজেরদি বলেছেন, "আমরা ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের বিনিময়ে ৩ দশমিক ৫ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহের প্রস্তাবের পুরোপুরি বিরোধিতা করছি।"
আইএসএনএ বার্তা সংস্থা ওই এমপি'র উদ্ধৃতি দিয়ে বলেছে, "আমাদের সরবরাহকৃত এলইইউ এর পরিবর্তে তারা যে আমাদেরকে ২০ শতাংশ সমৃদ্ধ জ্বালানি দেবে এর কোনও নিশ্চয়তা নেই।"
আইএলএনএ বার্তা সংস্থা জানিয়েছে, কমিটির মুখপাত্র এমপি কাজেম জলিলি একই মত প্রকাশ করে বলেছেন, "আমাদেরকে সব সমৃদ্ধ পরমাণু উপাদান অন্য দেশে পাঠাতে হবে এমন দাবির কোনও প্রশ্নই ওঠে না।"
ওয়াশিংটন ও এর মিত্ররা অনির্দিষ্টকাল অপেক্ষা করবে না জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন শনিবার বলেছেন, ইরানের ওই পরিকল্পনা মেনে নেওয়া উচিত।
কিন্তু ইরান বলেছে, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রাশিয়া ও ফ্রান্সে পাঠানোর ব্যাপারে রাজি হওয়ার আগে তেহরানের পরমাণু চুল্লির জন্য নতুন জ্বালানি প্রথমে তাদের পেতে হবে।
জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু জ্বালানি সংস্থার (আইএইএ) উদ্যোগে তৈরি করা পরমাণু চুক্তির ব্যাপারে তেহরান প্রাথমিক জবাব দিয়েছে বলে সংস্থাটি ইতিমধ্যেই জানিয়েছে। পশ্চিমা কূটনীতিকরা নাম না প্রকাশের শর্তে বলেছেন, নতুন পরমাণু জ্বালানি আগেভাগে পাওয়ার ইরানি দাবি বড় পশ্চিমা শক্তিগুলোর কাছে গ্রহণযোগ্য না।
এর আগে ইরানের গণমাধ্যম জানায়, জাতিসংঘের খসড়া পরমাণু চুক্তিতে বৃহস্পতিবার বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ইরান।
ইরানের সরকারপন্থি ডেইলি জাভান কোনও সূত্রের উল্লেখ না করে এক প্রতিবেদনে বলেছে, "তেহরানের রিসার্চ রিএক্টরের জন্য কম-সমৃদ্ধ ইউরেনিয়াম (এলইইউ) প্রক্রিয়াজাত করতে ইরান এককভাবে বিদেশে না পাঠিয়ে বরং ধাপে ধাপে পাঠাতে চায়। তাছাড়া, একই স্থাপনার জন্য তারা উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম ক্রমাগত অন্যান্য দেশ থেকে আমদানি করতে চায়।
জাতিসংঘ আণবিক শক্তি সংস্থা (আইএইএ) প্রধান এল বারাদির পরিকল্পনা অনুযায়ী, তেহরানের ১ দশমিক ৫ টন এলইইউর ৭৫ শতাংশ আরও সমৃদ্ধ করতে এ বছর শেষে একটি রাশিয়ায় পাঠানোর কথা রয়েছে। এটি এরপর জ্বালানিতে রূপান্তর করতে পাঠানোর কথা রয়েছে ফ্রান্সে। ফ্রান্স থেকে সমৃদ্ধ জ্বালানি পরমাণু চিকিৎসার জন্য অবার তেহরানে পাঠানোর কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪১ ঘ.
bdnews24