২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্লিন প্রাচীরের পতন স্মরণে স্নায়ুযুদ্ধ যুগের তিন নেতা

জার্মানির রাজধানীতে শনিবার একযোগে বার্লিন প্রাচীরের পতন স্মরণ করেছেন স্নায়ুযুদ্ধ যুগ অবসানের তিন নেতা সোভিয়েত ইউনিয়নের মিখাইল গর্বাচেভ, পশ্চিম জার্মানির হেলমুট কোহল ও যুক্তরাষ্ট্রের জর্জ বুশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2009, 08:33 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

বার্লিন, নভেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- জার্মানির রাজধানীতে শনিবার একযোগে বার্লিন প্রাচীরের পতন স্মরণ করেছেন স্নায়ুযুদ্ধ যুগ অবসানের তিন নেতা সোভিয়েত ইউনিয়নের মিখাইল গর্বাচেভ, পশ্চিম জার্মানির হেলমুট কোহল ও যুক্তরাষ্ট্রের জর্জ বুশ। ১৯৮৯ সালে ওই শান্তিপূর্ণ বিপ্লবের নেপথ্যে থাকা সাধারণ মানুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। দু' ঘন্টার পুনর্মিলনীতে তিন নেতা একে অপরের প্রশংসাও করেছেন। বার্লিন প্রাচীর পতনের ২০ বছর পূর্তি উপলক্ষে এক সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সবচেয়ে বড় আয়োজন করা হয়েছে ৯ নভেম্বরে। যেদিন প্রাচীরটি জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করে পূর্ব জার্মানি সরকার। বুশ, গর্বাচেভ এবং হেলমুট তিন নেতার দৃঢ় নেতৃত্বেই এ পথ সুগম হয়। পরবর্তীতে প্রাচীর ভেঙে এক হয় পূর্ব ও পশ্চিম জার্মানি। শনিবার প্রায় ১ হাজার ৮শ মানুষের উপস্থিতিতে সেই স্মৃতি স্মরণ করেন তিন নেতা। কোহল (৭৯) ওই সময় পশ্চিম জার্মানির চ্যান্সেলর ছিলেন। পরে পুনরেকত্রিত জার্মানিরও চ্যান্সেলর হয়েছিলেন তিনি। কোল ১৯৮২ থেকে ৯৮ পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ছিলেন। কোহল বলেন, "জার্মানদের গর্ববোধ করার মতো তেমন কোনো ইতিহাস নেই। তবে দুই জার্মানি পুনরেকত্রিত হওয়া নিয়ে আমাদের সর্বতোভাবে গর্ববোধ করার কারণ আছে।" জর্জ বুশ (১৯৮৯-৯৩) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। তিনি বার্লিন ওয়াল পতনের জন্য বিপ্লবী হাজার হাজার পূর্ব জার্মানির প্রতি তার শ্রদ্ধা নিবেদন করেন। বুশ বলেন, "আমার সাবেক সহকর্মীদের সঙ্গে এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত।" বার্লিন প্রাচীরের ঠিক পূর্ব পাশে অবস্থিত ফ্রেডরিচস্ট্রাস এ অনুষ্ঠানটি হয়। দু'ঘন্টার এ অনুষ্ঠানে গর্বাচেভ এবং কোহল কে বাহুবন্ধনে রাখেন বুশ । দীর্ঘ সময় পর একত্রিত হতে পেরে তিন নেতা সত্যিকার অর্থেই এক অপরের সঙ্গ উপভোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২০১ ঘ.