প্যারিস, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাককে দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি হওয়ার আদেশ দেওয়া হয়েছে। তিনি যখন প্যারিসের মেয়র ছিলেন, অভিযোগটি সে সময়ের। একজন সাবেক ফরাসি রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে এ পদক্ষেপ নজিরবিহীন ঘটনা।
প্যারিস সিটি হল শিরাকের রাজনৈতিকভাবে উপকারে আসবে এমন কিছু লোককে 'বাস্তবে নেই এমন ধরনের ভুয়াকাজের' কন্ট্রাক্ট দেওয়ার অভিযোগে প্যারিসের একজন ম্যাজিস্ট্রেট তাকে বিচারের সামনে দাঁড়াতে আদেশ দিয়েছেন।
শিরাকের অফিস থেকে শুক্রবার জানানো হয়েছে, শিরাকসহ ১০ ব্যক্তিকে ২১টি কন্ট্রাক্টের ঘটনায় বিচারের সম্মুখীন হওয়ার আদেশ দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়, "যেসব কাজ নিয়ে কথা বলা হচ্ছে তা বাস্তবে না থাকার অভিযোগ আদালতের সামনে খণ্ডন করতে পেসিডেন্ট শিরাক দৃঢ় আস্থাশীল।"
বর্তমানে ৭৬ বছর বয়সী শিরাক ১৯৭৭ থেকে ১৯৯৫ সালে প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত প্যারিসের মেয়র ছিলেন। তবে তাকে যে কাঠগড়ায় দাঁড়াতেই হবে তা নিশ্চিত নয়। প্যারিসের সরকারি কৌঁসুলি জ্যঁ-ক্লদ মারিঁ এর আগে বলেছিলেন, শিরাকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই।
মারিঁ ম্যাজিস্ট্রেটের ওই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮৫৫ ঘ.
bdnews24