অনন্তনাগ, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বুধবার কাশ্মীরের কয়েক দশকের বিদ্রোহী তৎপরতার অবসানে বিচ্ছিন্নতাবাদীদের প্রতি শান্তি আলোচনায় পুনরায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
দক্ষিণ কাশ্মীরে একটি রেললাইন উদ্বোধনের আগে এক জনসভায় মনমোহন বলেন, "আজ আমি আবারও বলছি, যে কেউই কাশ্মীরের শান্তি ও উন্নতির লক্ষ্যে অর্থপূর্ণ চিন্তা নিয়ে এগিয়ে এলে আমরা তাদের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।"
কাশ্মীরের মধ্যপন্থি ও প্রধান বিচ্ছিন্নতাবাদী জোট সর্বদলীয় হুরিয়াত (মুক্তি) সম্মেলন ভারত সরকারের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা ব্যক্ত করে যে কোনো আলোচনার আগে নয়াদিল্লির প্রতি সেনা প্রত্যাহার, বন্দিদের মুক্তিদান এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধের আহ্বান জানিয়েছে।
২০০৬ সালে সরকার ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংলাপ ভেঙে যায়।
সিং বলেছেন, "আমরা সবস্তরের লোকজনকে নিয়েই জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার সমাধান করতে চাই।"
প্রধানমন্ত্রী সিং দুদিনের সফরে বুধবার কাশ্মীর এসেছেন। তার সফরের প্রতিবাদে কট্টরপন্থি বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ শাহ গিলানির ডাকা হরতালে প্রধান শহরগুলোর বেশিরভাগ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।
মনমোহন বলেন, "আমি তরুণদের প্রতি একটি নতুন কাশ্মীর গড়ে তোলায় যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমি তাদের হতাশার কারণ বুঝি।"
মনমোহন সিংয়ের কাশ্মীরে পৌঁছার আগের দিন মঙ্গলবারও বিচ্ছিন্নতাবাদীদের ডাকে সেখানে বনধ পালিত হয়েছে। ওই ছিল কাশ্মীরের ভারত শাসনের ৬২ বছরপূর্তির দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১১২ ঘ.
bdnews24