২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেশাওয়ারে গাড়িবোমা হামলায় নিহত ৯০

পাকিস্তানের পেশাওয়ারে বুধবার একটি ব্যস্ত বাজার এলাকায় গাড়িবোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা ৯০ এ দাঁড়িয়েছে। আহত হয়েছে প্রায় ১০০ জন। চিকিৎসক ও কর্মকর্তারা একথা জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পাকিস্তানে পৌঁছানোর কয়েক ঘণ্টা পরেই এ হামলা হয়। (আরও তথ্যসহ-৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2009, 02:32 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

পেশাওয়ার, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের পেশাওয়ারে বুধবার একটি ব্যস্ত বাজার এলাকায় গাড়িবোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা ৯০ এ দাঁড়িয়েছে। আহত হয়েছে প্রায় ১০০ জন। চিকিৎসক ও কর্মকর্তারা একথা জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পাকিস্তানে পৌঁছানোর কয়েক ঘণ্টা পরেই এ হামলা হয়। পেশাওয়ার পুরনো শহরের পিপাল মান্দি মার্কেট স্ট্রীটে এ বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে কয়েকটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। নগরীর প্রধান হাসপাতালের চিকিৎসব সাহিব গুল রয়টার্সকে বলেন, "নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।" নগরীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজম খান বলেন, "গাড়িটি একটি বাজারের বাইরে দাঁড় করানো ছিল।" পাকিস্তান সফররত হিলারি ক্লিনটন বিস্ফোরণের কয়েকঘণ্টা পর এক সংবাদ সম্মেলনে বলেছেন, "আমি আপনাদের বলছি, পাকিস্তানের জন্য একার লড়াই নয় এটি।" "এটা আমাদের সংগ্রাম। পাকিস্তান সেনাবাহিনীর দুঃসাহসী লড়াই চালিয়ে যাচ্ছে। শান্তি ও নিরাপত্তার জন্য আপনাদের এ লড়াইয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানি জনগণের পাশে দাঁড়াব।" বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ঘটনাস্থল থেকে একজন প্রত্যক্ষদর্শী আকুইল-উর-রেহমান রয়টার্সকে বলেন, "আগুনে কয়েকটি ভবন এবং একটি মসজিদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।" ধ্বংসস্তুপের নিচে তিনটি মৃতদেহ পড়ে থাকতে দেখার কথা জানান আকুইল। এর আগে প্রাথমিক খবরে পেশাওয়ারের প্রধান হাসপাতালের চিকিৎসক সাহিব গুল জানান, "৩০ টির বেশি লাশ ও ৫০ জনেরও বেশি আহত মানুষকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।" তিনি রয়টার্সকে বলেন, "আমাদের এখানে ৩০টির বেশি লাশ আনা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।" তিনি আরও বলেন, "আমাদের এখানে অনেক আহত মানুষকেও আনা হয়েছে। এখানে তাদের স্থান সংকুলান না হওয়ায় আমরা তাদেরকে আরেকটি হাসপাতালে পাঠাচ্ছি।" আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানে পাকিস্তান সেনাবাহিনী তালেবান নির্মূল অভিযান শুরু করায় পাকিস্তানে কড়া সতর্কতা জারি করা হয়েছে। এ সতর্কাবস্থার মধ্যেই একের পর এক বোমা হামলা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০২৭ ঘ.