দুবাই, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে রাজধানী বাগদাদে রোববার দুটি আত্মঘাতী গাড়ি বোমা হামলার দায় স্বীকার করেছে আল কায়েদা সংশ্লিষ্ট একটি গ্রুপ। ইরাকের বিচার মন্ত্রণালয় ও প্রাদেশিক সরকারের কার্যালয়ের বাইরের ওই হামলায় ১৫৫ জন নিহত হয়েছে।
'ইসলামিক স্টেট ইন ইরাক' গ্রুপ ২৬ অক্টোবর একটি ওয়েবসাইটে স্বীকারোক্তিমূলক ওই বিবৃতি প্রকাশ করেছে। এ ধরনের হামলার দায় স্বীকারে জঙ্গিরা প্রায়ই এ ওয়েবসাইট ব্যবহার করে থাকে।
বিবৃতিতে বলা হয়েছে, "খলিফাদের মাটিতে শিয়া রাষ্ট্রটির পরিচয় এবং স্তম্ভ গুঁড়িয়ে দেওয়াই আত্মঘাতী হামলাকারীদের লক্ষ্য ছিল।"
২০০৩ সালে মার্কিন আগ্রাসনের মাধ্যমে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ক্ষমতাচ্যুতির পরে শিয়া নেতৃত্বে ইরাক সরকার গঠিত হয়েছে এবং শিয়াদের সুন্নি আরব জঙ্গিরা এভাবেই দেখে থাকে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, "নির্বাচিত লক্ষ্যগুলোর মধ্যে ছিল বিচার মন্ত্রণালয় এবং বাগদাদের প্রাদেশিক পরিষদ... কেননা শত্র"রা শুধু বলপ্রয়োগের ভাষাই বুঝতে পারে।"
তবে তাৎক্ষণিকভাবে ওই স্বীকারোক্তির সত্যতা যাচাই করা যায়নি।
আগস্টে মন্ত্রণালয়ের হামলার দায়িত্বও এ গ্রুপটি স্বীকার করেছিল। ওই হামলায় ৯৫ জন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২৫৬ ঘ.
bdnews24