২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ইরান ১৮ মাসেই এটম বোমা বানাতে পারবে'

ইরান এটম বোমা বানাতে চাইলে ন্যূনতম ১৮ মাসেই তা বানিয়ে ফেলতে পারে। পশ্চিমা কূটনীতিক এবং গোয়েন্দা কর্মকর্তারা একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 09:42 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

জাতিসংঘ, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরান এটম বোমা বানাতে চাইলে ন্যূনতম ১৮ মাসেই তা বানিয়ে ফেলতে পারে। পশ্চিমা কূটনীতিক এবং গোয়েন্দা কর্মকর্তারা একথা বলেছেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ, ব্রিটেনের এমআইসিক্স, ইসরায়েলের মোসাদ এবং ফ্রান্স ও জার্মানির গোয়েন্দা সংস্থা বহু বছর ধরে ইরানের গোপন পরমাণু কর্মসূচি উদঘাটনের চেষ্টায় আছে। ইরান কখন পরমাণু অস্ত্র বানাবে তা নিয়ে তাদের নিজেদের মধ্যে এবং একে অপরের সঙ্গে মতভেদ রয়েছে। তেহরান তাদের পরমাণু কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজে পরিচালিত হচ্ছে বলে দাবি করে আসছে এবং তাদের পরমাণু অস্ত্র বানানোর পশ্চিমা গোয়েন্দাদের অভিযোগ মিথ্যা বলে নাকচ করেছে। ভিয়েনায় জাতিসংঘ আণবিক শক্তি সংস্থার কয়েকজন কর্মকর্তা ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টি অতিরঞ্জিত করার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। তবে কয়েকজন পশ্চিমা কূটনীতিক রয়টার্সকে বলেছেন, শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলো সাধারণভাবে এ ব্যাপারে একমত যে, ইরান এটম বোমা বানাতে চাইলে তাদের তা বানাতে ন্যূনতম ১৮ মাস সময় দরকার হবে। কয়েকটি গোয়েন্দা সংস্থার প্রকাশিত প্রতিবেদনে ইরানের পরমাণু বোমা বানানোর যে সময়সীমার ধারণা দেওয়া হয়েছিল এ সময়সীমা তার চেয়েও কম। এক পশ্চিমা কূটনীতিক অবশ্য এই সময়সীমা একেবারে চূড়ান্ত কিছু নয় এবং এটি নিয়ে এখনও কমবেশি কাজ চলছে বলে জানান। তবে অন্য আরেকজন কূটনীতিক নিশ্চিত করে বলেছেন ইরানের পরমাণু কর্মসূচির অগ্রগতির ভিত্তিতেই ১৮ মাস সময়সীমা উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, পরমাণু অস্ত্র তৈরি উপযোগী ইউরেনিয়াম সমৃদ্ধ করতে তেহরানের লাগবে আনুমানিক কমপক্ষে ৬ মাস। আর তা দিয়ে অস্ত্র বানাতে সময় লাগবে ১২ মাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৩০ ঘ.