তেহরান, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরানের নতুন ২য় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট রোববার পরিদর্শন করেছে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা (আইএইএ)'র পরিদর্শক দল। ইরানের আধা সরকারি মেহের বার্তা সংস্থা একথা জানিয়েছে।
কোনও সূত্র উল্লেখ না করে বার্তা সংস্থাটি জানায়, "রোববার ইরানে যাওয়া জাতিসংঘ পরিদর্শকরা দেশটির কেন্দ্রস্থলে ওই স্থাপনা পরিদর্শন করেছেন। তারা আবারও ওই স্থাপনা পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।"
ইরানের নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যন্টটি পরিদর্শন করতে আইএইএ পরিদর্শক দল রোববার সকালে ইরানে পৌঁছে। ইরান গোপনে পরমাণু বোমা তৈরি করছে--- পশ্চিমাদের এ সন্দেহ দূর করাই এই পরিদর্শন মিশনের লক্ষ্য। ইরান এ অভিযোগ অস্বীকার করে আসছে।
ইরান গত মাসে তাদের নতুন ইউরেনিয়াম প্ল্যান্টের নির্মাণ কাজের কথা জানিয়েছে। তেরানের ১৬০ কিলোমিটার দক্ষিণে প্ল্যান্টটির নির্মাণকাজ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪৪ ঘ.
bdnews24