থাইল্যান্ড, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্ব অর্থনৈতিক মন্দা থেকে মুক্তির পথে এগুনোর চেষ্টায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বাজারগুলোর ওপর থেকে নির্ভরতা কমিয়ে অঞ্চল-ব্যাপী মুক্ত বাণিজ্য ও অন্যান্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর নেতারা। থাইল্যান্ডে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত রুদ্ধদ্বার পূর্ব-এশিয়া সম্মেলনে নেতারা এ আহ্বান জানান।
এশিয়া অঞ্চলের দেশগুলোতে অর্থনৈতিক মন্দা কেটে যাওয়ার লক্ষণ স্পষ্ট হয়ে উঠতে থাকলেও জাপানের প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোয়ামা উদ্দীপক বিভিন্ন অর্থনৈতিক পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানান।
তিনি বলেন, "এ মুহূর্তে বিশ্ব অর্থনৈতিক মন্দা কেটে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। বিশেষত এশিয়ায়।" থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র কাজুয়ো কোদামা একথা জানিয়েছেন।
সম্মেলনে হাতোয়ামার আঞ্চলিক কমিউনিটি গড়ে তোলার প্রস্তাব সমর্থন করেছেন অন্যান্য এশীয় নেতারা। হাতোয়ামা সাংবাদিকদের বলেন, "আমার পূর্বএশীয় কমিউনিটি গড়ার এ সূদূরপ্রসারী চিন্তা-ভাবনায় অংশগ্রহণকারীরা বিপুল সাড়া দেবেন।"
হাতোয়ামার মত সমর্থন করে সম্মেলনের আয়োজক থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিসিৎ ভেজ্জাজিভাও বলেন, এশিয়ার স্পষ্টতই প্রবৃদ্ধিরএকটি নতুন মডেল দরকার। যেটি হবে পশ্চিমা বাণিজ্য অংশীদারদেও ওপর কম নির্ভরশীল এবং যাতে এশিয়া-ব্যাপী বাণিজ্যই বেশি প্রাধান্য পাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৩ঘ.
bdnews24