২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের প্রস্তাব সময়সীমার মধ্যে অনুমোদন করেনি ইরান

ইরানের কমসমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমাতে জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থার প্রস্তাব বেধে দেওয়া সময় শুক্রবারের মধ্যে অনুমোদন করতে অস্বীকৃতি জানিয়ে তেহরান বলেছে, জাতিসংঘের ওই খসড়া চুক্তির ব্যাপারে আগামী সপ্তাহে তারা জবাব দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2009, 08:35 AM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ভিয়েনা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের কমসমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমাতে জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থার প্রস্তাব বেধে দেওয়া সময় শুক্রবারের মধ্যে অনুমোদন করতে অস্বীকৃতি জানিয়ে তেহরান বলেছে, জাতিসংঘের ওই খসড়া চুক্তির ব্যাপারে আগামী সপ্তাহে তারা জবাব দেবে। জাতিসংঘের সংস্থা আইএইএ তেহরানের কমসমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমাতে বুধবার একটি খসড়া চুক্তি ইরান ও তিন বিশ্বশক্তির কাছে পেশ করে দু'দিনের মধ্যে তা অনুমোদন করতে বলে। পশ্চিমের সন্দেহ, ওই ইউরেনিয়াম থেকে পরমাণু বোমা বানানোর ঝুঁকি রয়েছে। তিন বিশ্বশক্তি- রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স খসড়াটি অনুমোদনে ইতিমধ্যেই এতে স্বাক্ষর করেছে। ইরানের কর্মকর্তারা আরও বলেছেন, তেহরান পারমাণবিক চিকিৎসার লক্ষ্যে পরমাণু চুল্লির জ্বালানি হিসেবে সমৃদ্ধ ইউরেনিয়ান বিদেশ থেকে জোগাড় করতে চায়। নিজের সমৃদ্ধ ইউরেনিয়াম বাইরে পাঠাতে চায় না। খসড়া চুক্তিটির বিষয়বস্তু সম্পর্কে পশ্চিমা কূটনীতিকরা বলেছেন, জানা মতে ইরানের কাছে যে দেড়লাখ টন কমসমৃদ্ধ ইউরেনিয়াম আছে, তার প্রায় ১দশমিক ২ টন এই বছরের মধ্যে রাশিয়া ও ফ্রান্সে পাঠাতে হবে। সেখানে এগুলো পরমাণু চিকিৎসার জ্বালানিতে পরিণত করে তেহরানে ফেরত পাঠানো হবে। কূটনীতিকরা বলেন, ১ অক্টোবরের জেনেভা আলোচনায় তেহরান দৃশ্যত এ ব্যাপারে রাজি হয়েছিল। আইএইএ শুক্রবার জানায়, ইরান তাদের বলেছে, প্রস্তাবটি "গভীরভাবে ও অনুকূল আলোকে" বিবেচনা করা হচ্ছে। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাতে আগামী সপ্তাহের মাঝামাছি পর্যন্ত সময় দরকার। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বৃহস্পতিবার রাতে এক শীর্ষ কর্মকর্তাকে উদ্ধৃত করে জানায়, চিকিৎসার আইসোটোপ তৈরির লক্ষ্যে তেহরানের পরমাণু চুল্লির জন্য জ্বালানির যে প্রস্তাব দেওয়া হয়েছে সে ব্যাপারে বিশ্ব শক্তিগুলোর "ইতিবাচক ও গঠনমূলক" সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছে তারা। "তেহরানের পরমাণু চুল্লির জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহে অন্য পক্ষগুলোকে ইরানের দেওয়া প্রস্তাবের ইতিবাচক ও গঠনমূলক জবাবের অপেক্ষায় রয়েছি আমরা।" ইরানের আলোচক দলের এক সদস্য একথা বলেছেন। ওই সদস্য ২১ অক্টোবরের ভিয়েনা বৈঠকে উপস্থিত ছিলেন। পরিচয় উল্লেখ না করা ওই কর্মকতা আরও বলেন, "অতীতে চুক্তি লঙ্ঘন করার মতো যে ভুল করা হয়েছে, আশা করছি অন্য পক্ষ তা এড়িয়ে যাবে...ইরানের আস্থা অর্জনের জন্য এটা দরকার।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯৫১ ঘ.