২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে বেতন পাচ্ছেন না মন্ত্রীরা

নেপাল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ মাওবাদীদের বিরোধিতায় বাজেট পাশ না হওয়ায় অর্থের অভাবে মন্ত্রীদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না বলে শুক্রবার জানিয়েছে দেশটি। নেপালের সেনাবাহিনী প্রধানকে বরখাস্ত করা নিয়ে বিরোধে গত জুলাই থেকে মাওবাদীরা পার্লামেন্টে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে। ফলে প্রায় নিঃস্ব নেপালের নতুন জাতীয় বাজেট নিয়ে আলোচনা এগুচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2009, 07:54 AM

Updated : 26 Aug 2022, 12:15 PM

কাঠমান্ডু, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপাল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ মাওবাদীদের বিরোধিতায় বাজেট পাশ না হওয়ায় অর্থের অভাবে মন্ত্রীদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না বলে শুক্রবার জানিয়েছে দেশটি। নেপালের সেনাবাহিনী প্রধানকে বরখাস্ত করা নিয়ে বিরোধে গত জুলাই থেকে মাওবাদীরা পার্লামেন্টে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে। ফলে প্রায় নিঃস্ব নেপালের নতুন জাতীয় বাজেট নিয়ে আলোচনা এগুচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে হিমালয় রাষ্ট্রটির সরকার ও প্রশাসন পুরোপুরি অকেজো হয়ে পড়বে। পরিণতিতে সরকারি চাকরিজীবীদের বেতনও বন্ধ হয়ে যাবে। নেপালের অর্থমন্ত্রী সুরেন্দ্র পাণ্ডে বলেন, নতুন বাজেট পাশ হওয়ার আগে মন্ত্রীদের জন্য মোট বার্ষিক ব্যয়ের এক তৃতীয়াংশের বেশি বরাদ্দ দিতে পারবে না সরকার। রয়টার্সকে তিনি বলেন, "মন্ত্রীদের বেতন দেওয়ার জন্য এই বরাদ্দও ইতোমধ্যে শেষ হয়ে গেছে। ফলে নতুন বাজেট পাশ হওয়ার আগে তাদের আর বেতন দেওয়া সম্ভব নয়।" এই বিরোধ সরকার এবং মাওবাদীদের মধ্যে আস্থার অভাবকেও স্পষ্ট করে তুলেছে। প্রায় দশকব্যাপী গৃহযুদ্ধ শেষে মাওবাদীরা ২০০৬ সালের একটি শান্তিচুক্তির অধীনে মূলধারার রাজনীতিতে আসে। গত বছরের নির্বাচনে মাওবাদীরা অপ্রত্যাশিতভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরে হিমালয় প্রজাতন্ত্রটির নতুন সরকার গঠন করে এবং এর মধ্যে দিয়ে শেষ হয় দেশ ২৩৯ বছরের পুরোনো রাজতন্ত্র। কিন্তু মে মাসে বেসামরিক সরকারের আদেশ পালনে অস্বীকৃতি জানানো সেনাপ্রধান জেনারেল রুকমানগুদ কোতোয়ালকে বরখাস্তের মন্ত্রিসভার সিদ্ধান্তটি প্রেসিডেন্ট রাম বরণ যাদব বাতিল করলে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মাওবাদীদের প্রধান প্রচণ্ড। এই ঘটনার পরে অবসরে চলে যান কোতোয়াল। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কূটনীতিকরা বিভিন্ন ক্যাম্পে আটক মাওবাদী গেরিলাদের মুক্ত করার ব্যাপারে এবং জানুয়ারির মধ্যে নেপালে তাদের মিশনের ম্যান্ডেট পূরণ করতে দেয়ার জন্য চাপ সৃষ্টি করছে। জুলাইয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নেপালের অনুরোধে দেশটিতে তাদের মিশন ইউএনএমআইএন'র মেয়াদ ২৩ জানুয়ারি পর্যন্ত বাড়ায়। এই সময়ের মধ্যে তাদের মিশনের কর্মসূচি শেষ করার ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য তারা কাঠমান্ডুকে অনুরোধ জানায়। ৬ নভেম্বর নিরাপত্তা পরিষদে ইউএনএমআইএন'র মধ্যবর্তী আলোচনা হওয়ার কথা রয়েছে। শুক্রবার চীন, ফ্রান্স, জাপান, রাশিয়া, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা শান্তিচুক্তির বাস্তবায়নের অগ্রগতি পয্র্ক্ষেণে পূর্ব নেপালে মাওবাদীদের ক্যাম্প ও কাঠমান্ডুতে অস্ত্র সংরক্ষণ এলাকা পরিদর্শন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমএইচবি/১৩৪৩ ঘ.