২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু বিষয়ে জাতিসংঘ প্রস্তাব অনুমোদন করেনি ইরান

ইরানের কমসমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমাতে জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থার প্রস্তাব শুক্রবার অনুমোদন করতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান। ইরান বলেছে, চিকিৎসার আইসোটোপ তৈরির লক্ষ্যে তেহরানের পরমাণু চুল্লির জন্য জ্বালানির যে প্রস্তাব দেওয়া হয়েছে সে ব্যাপারে বিশ্ব শক্তিগুলোর "ইতিবাচক ও গঠনমূলক" সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2009, 02:05 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

তেহরান, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের কমসমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমাতে জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থার প্রস্তাব শুক্রবার অনুমোদন করতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান। ইরান বলেছে, চিকিৎসার আইসোটোপ তৈরির লক্ষ্যে তেহরানের পরমাণু চুল্লির জন্য জ্বালানির যে প্রস্তাব দেওয়া হয়েছে সে ব্যাপারে বিশ্ব শক্তিগুলোর "ইতিবাচক ও গঠনমূলক" সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছে তারা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন একথা জানিয়েছে। "তেহরানের পরমাণু চুল্লির জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহে অন্য পক্ষগুলোকে ইরানের দেওয়া প্রস্তাবের ইতিবাচক ও গঠনমূলক জবাবের অপেক্ষায় রয়েছি আমরা।" রাষ্ট্রীয় টিভি ইরানের আলোচক দলের এক সদস্যকে উদ্ধৃত করে একথা বলেছে। ওই সদস্য ২১ অক্টোবরের ভিয়েনা বৈঠকে উপস্থিত ছিলেন। পরিচয় উল্লেখ না করা ওই কর্মকতা আরও বলেন, "অতীতে চুক্তি লঙ্ঘন করার মতো যে ভুল করা হয়েছে, আশা করছি অন্য পক্ষ তা এড়িয়ে যাবে...ইরানের আস্থা অর্জনের জন্য এটা দরকার।" জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা আইএইএ বুধবার তেহরানের কমসমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমাতে একটি খসড়া চুক্তি ইরান ও তিন বিশ্বশক্তির কাছে পেশ করে দু'দিনের মধ্যে তা অনুমোদন করতে বলে। পশ্চিমের সন্দেহ, ওই ইউরেনিয়াম থেকে পরমাণু বোমা বানানোর ঝুঁকি রয়েছে। তিন বিশ্বশক্তি- রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স খসড়াটি অনুমোদনে এতে স্বাক্ষর করেছে। এদিকে রাশিয়া শুক্রবার বলেছে, ইরানের কমসমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমাতে জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থার প্রস্তাবে রাজি আছে তারা। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ মস্কোয় সাংবাদিকদের বলেন, "ওই প্রস্তাবে রাজি আছি। আমরা কেবল ইরানকেই বিবেচনায় নিচ্ছি না, প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়ন করতে আলোচনায় অংশ নেওয়া অন্যদের ওপরও আমরা নির্ভর করছি।" খসড়া চুক্তিটির বিষয়বস্তু সম্পর্কে পশ্চিমা কূটনীতিকরা বলেছেন, জানা মতে ইরানের কাছে যে দেড়লাখ টন কমসমৃদ্ধ ইউরেনিয়াম আছে, তার প্রায় ১দশমিক ২ টন এই বছরের মধ্যে রাশিয়া ও ফ্রান্সে পাঠাতে হবে। সেখানে এগুলো পরমাণু চিকিৎসার জ্বালানিতে পরিণত করে তেহরানে ফেরত পাঠানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯৫১ ঘ.