২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার, উ.কোরিয়া, ফিলিস্তিনের মানবাধিকার পরিস্থিতির সমালোচনায় জাতিসংঘ

মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘন পরিস্থিতি উদ্বেগজনক, উত্তর কোরিয়ায় মারাত্মক অনাহার আর আশঙ্কার মধ্যে দিনাতিপাত করছে লোকজন, মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ভূগছে ফিলিস্তিনিরা। তিন দেশের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করে বৃহস্পতিবার একথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার দূতরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2009, 10:28 AM

Updated : 26 Aug 2022, 12:15 PM

জাতিসংঘ, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘন পরিস্থিতি উদ্বেগজনক, উত্তর কোরিয়ায় মারাত্মক অনাহার আর আশঙ্কার মধ্যে দিনাতিপাত করছে লোকজন, মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ভূগছে ফিলিস্তিনিরা। তিন দেশের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করে বৃহস্পতিবার একথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার দূতরা। ১৯২টি জাতিসংঘ সদস্য দেশের বৈঠকে প্রতিটি দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়েই আলোচনা করেছেন জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ দূতরা । মিয়ানমারের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত টমাস ওজেয়া কুইন্টানা দুবার মিয়ানমার সফরের সুযোগ পেলেও উত্তর কোরিয়ায় ঢুকতে পারেননি জাতিসংঘের উত্তর কোরীয় দূত ভিট মুন্টারভর্ন। তাছাড়া, ফিলিস্তিনে ঢুকতে ইসরায়েল বাধা দিয়েছে ফিলিস্তিন বিষয়ক দূত রিচার্ড ফাককে । কুইন্টানা বলেন, "মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক। সেখানে অবিরাম এত ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে যে গোলযোগপূর্ণ অনেক এলাকাতেই বেসামরিক লোকজনের অধিকারের মারাত্মক অপব্যবহার হচ্ছে।" তিনি আরও বলেন, কোনও প্রতিকার না থাকায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে। মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সুচিকে আটক করে রাখার জন্যও মিয়ানমারের জান্তা সরকারের সমালোচনা করেছেন কুইন্টানা। পশ্চিমা কর্মকর্তাদের আশঙ্কা, জান্তা সরকার আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচন পর্যন্ত সু চিকে গৃহবন্দি রাখার পরিকল্পনা করেছেন। যেন তিনি নির্বাচনে অংশ নিতে না পারেন। মিয়ানমারের প্রতিনিধি থাং তুন কুইনন্টানার প্রতিবেদন বস্তুনিষ্ঠ নয় বলে দাবি করেছেন এবং এতে জঙ্গি ও সরকার বিরোধী দলগুলোকে সহানুভূতির চোখে দেখা হয়েছে বলে অভিযোগ করেছেন। ২০১০ সালে অনুষ্ঠেয় নির্বাচন 'নিরপেক্ষ ও সুষ্ঠু' হবে বলেও দাবি করেন তিনি। ওদিকে, উত্তর কোরিয়ার দূত মুন্টারভর্ন বলেন, উত্তর কোরিয়ায় খাদ্য পরিস্থিতি অত্যন্ত মারাত্মক। জাতিসংঘের 'ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম' কেবলমাত্র অভুক্তদের এক তৃতীয়াংশের খাবারের ব্যবস্থা করতে পারে। উত্তর কোরিয়ায় লোকজনের ওপর চরম নির্যাতন চলছে বলে অভিযোগ করার পাশাপাশি মুন্টারভর্ন সেখানকার কারগারগুলোকে শুদ্ধিঅভিযানের জায়গা বলে মন্তব্য করেন। তিনি বলেন, " মানবাধিকার ও গণতন্ত্র সংশ্লিষ্ট স্বাধীনতা, যেমন: সরকার পছন্দের স্বাধীনতা, বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতার মতো অধিকারগুলো শাসকগোষ্ঠীর নিপীড়নে প্রতিনিয়তই লঙ্ঘিত হচ্ছে।" এ অভিযোগ অস্বীকার করেছেন জাতিসংঘে উত্তর কোরিয়ার উপ রাষ্ট্রদূত পাক তক হুন। অন্যদিকে, ফিলিস্তিন অঞ্চলের মানবাধিকার সম্পর্কে ফাকের প্রতিবেদনে উঠে এসেছে ডিসেম্বর-জানুয়ারিতে গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিষয়টি সহ ইসরায়েলের নানা অবরোধ ও ইহুদি বসতিস্থাপনের বিষয়টি। ফাক বলেন, গাজায় ইসরায়েলের অবরোধ থেকে এটি স্পষ্ট যে, "জনগণের মৌলিক প্রয়োজনগুলো মিটছে না।" ফিলিস্তিনি অঞ্চল সফর করতে তাকে বাধা দিয়ে ইসরায়েল অসহযোগিতা করেছে এবং এটি অবৈধ বলে উল্লেখ করেন ফাক। ইসরায়েল বৈঠকে ফাকের এ প্রতিবেদনের কোন প্রতিক্রিয়া জানায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ১৫০২ ঘ.