তেহরান, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরান কখনোই তার পরমাণু প্রযুক্তির "বৈধ ও সুস্পষ্ট" অধিকার ত্যাগ করবে না। পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি মঙ্গলবার একথা বলেছেন।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "বিশ্ব শক্তির সঙ্গে বৈঠকে এবং তাদের আচরণে বোঝা গেছে, ইরানের শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তি তাদের কাছে গ্রহণযোগ্য...ইরান কখনোই এই বৈধ ও সুস্পষ্ট অধিকার ত্যাগ করবে না।"
পরমাণু কর্মসূচি নিয়ে সোমবার বিশ্বশক্তিগুলোর সঙ্গে ভিয়েনায় ইরানের আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবারও আলোচনা চলছিল।
আন্তর্জাতিক পরমাণু সংস্থা (আইএআএ) আয়োজিত এ বৈঠক ইরানের সন্দেহজনক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট নিয়ে সন্দেহ দূর করতে গত ১ অক্টোবরে জেনেভা আলোচনায় উত্থাপিত প্রস্তাবগুলোর নিয়ে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগ।
মোত্তাকি এ বৈঠকের প্রশংসা করছেন।
জেনেভা আলোচনায় ইরান গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট জাতিসংঘ পর্যবেক্ষকদের পরিদর্শন করতে দিতে রাজি হওয়ার পাশাপাশি জ্বালানি তৈরির জন্য কমসমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠাতে রাজি হয়। এ পদক্ষেপ ইরানের পরমাণু বোমা তৈরির উপকরণ বানানোর ঝুঁকি কমাবে বলে পশ্চিমা বিশ্বের প্রত্যাশা।
আইএইএ প্রধান এলবারাদি ভিয়েনায় সাংবাদিকদের বলেন, "আমরা আলোচনার শুভ সূচনা করেছি। গঠনমূলক আলোচনা হয়েছে। বেশিরভাগ প্রযুক্তিগত বিষয় নিয়েই আলোচনা হয়েছে। আগামী কাল সকাল ১০ টা পর্যন্ত আমরা আলোচনা চালিয়ে যাব।"
আলোচনা সম্পর্কে পশ্চিমা এক শীর্ষ কূটনীতিক বলেন, "আলোচনায় অংশগ্রহণকারী সবাই নিজ নিজ অবস্থান তুলে ধরছে এবং একে অপরের কথা শুনছে। ফলাফল কি হবে এখনই তা বলা যাচ্ছে না। তবে আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাওয়ায় এখন আর কোনো বাধা নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৫২ ঘ.
bdnews24