কাবুল, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে গত আগস্টের নির্বাচনে জালিয়াতির অভিযোগের জাতিসংঘ পরিচালিত তদন্তের তীব্র সমালোচনা করেছে প্রেসিডেন্ট হামিদ কারজাই শিবির।
আফগানিস্তানের নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ কারজাই এবং পশ্চিমা সরকারগুলোর মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। কারজাই শিবির থেকে প্রথম প্রকাশ্য সমালোচনায় তার নির্বাচনী দলের একজন ঊর্ধ্বতন সদস্য এবং পার্লামেন্টের সদস্য মোহাম্মদ মঈন মারাস্তায়াল বলেছেন, ইসিসি'র তদন্ত ভুল।
মঈন নির্বাচনী তদন্ত সম্পর্কে বলেন, হামিদ কারজাইয়ের নির্বাচনী প্রচারাভিযান শিবির সন্দেহজনক ভোট গনণায় ইসিসি'র ব্যবহৃত ফলমূলার সমালোচনা করেছে। এ তদন্ত ভুল বলে প্রত্যাখ্যান করেছে কারজাই শিবির।
নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ আবদুল্লাহ'র সঙ্গে দ্বিতীয় দফা নির্বাচনে অংশ নেওয়ার অথবা আপোসরফায় যাওয়ার জন্য প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ওপর চাপ বাড়ছে।
নির্বাচনে কারচুপির অভিযোগ কারজাই ও পশ্চিমা বিশ্বের তালেবান বিরোধী অভিযানেও উদ্বেগ সৃষ্টি করেছে। ফলে আফগানিস্তানে আরও মার্কিন সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েও দ্বিধায় পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
জাতিসংঘ সমর্থিত 'ইলেক্টোরাল কমপ্লেইন্টস কমিশন (ইসিসি) এর মুখপাত্র নিলিকা লিটল বলেন, সোমবার একটি বিবৃতিতে নির্বাচনী তদন্তের ফল প্রকাশ করার কথা জানান।
গত ৮ সপ্তাহ ধরে ইসিসি সন্দেহজনক ভোটের বিষয়টি সুরাহা করতে না পারায় কারজাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন নাকি তাকে ২য় দফা ভোটে যেতে হবে সেটি নির্ধারিত হয়নি।
রোববার এ ফল প্রকাশের কথা থাকলেও তা বিলম্বিত হয়েছে। পশ্চিমা বিশ্ব ও কূটনীতিকরা দ্বিতীয় দফা ভোটে অংশ নেওয়ার জন্য কারজাইকে রাজী করানোর চেষ্টা করছেন।
কারজাই দ্বিতীয় দফা নির্বাচনে অংশ নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন এবং নির্বাচনের তদন্ত প্রতিবেদনে অনাস্থা প্রকাশ করেছেন। তবে কাবুলের এক কূটনীতিক জানিয়েছেন, কারজাই তার অবস্থান কিছুটা নমনীয় করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০০ ঘ.
bdnews24