তেহরান, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানে সংস্কার আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা মীরহোসেন মুসাভি। ইরানের একটি ওয়েবসাইট রোববার একথা জানিয়েছে।
মুসাভির কালেমে ওয়েবসাইট তার উদ্ধৃতি দিয়ে বলেছে, "আমাদের লোকজন দাঙ্গাকারী নয়। জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সংস্কার আন্দোলন চলবে।"
১২ জুনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ করেছেন পরাজিত প্রেসিডেন্ট পদপ্রার্থী মুসাভি এবং অন্য মধ্যপন্থী নেতারা। নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে ২য় মেয়াদে জয়ী ঘোষণা করা হয়।
ওই নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সহিংসতা ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ইরানে সবচেয়ে বাজে অভ্যন্তরীণ সঙ্কট সৃষ্টি করেছে।
নির্বাচন পরবর্তী সহিংসতায় ৭০ জন নিহত হয়েছে বলে দাবি করে আসছে বিরোধীদল। মানবাধিকার দলগুলো বলছে, ভোটের পর গ্রেপ্তার হওয়া লোকজনের সংখ্যা হাজার হাজার। সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ ১শ'রও বেশি মানুষ এখনও কারান্তরীণ।
মুসাভি আটককৃতদের মুক্তি দাবি করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৬ ঘ.
bdnews24