মালে, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মালদ্বীপের প্রেসিডেন্ট ও মন্ত্রীরা শনিবার ভারত মহাসাগরের তলদেশে বৈঠক করে দ্বীপদেশটিকে বিশ্ব উষ্ণায়নের কারণে সাগরে তলিয়ে যাওয়ার বিপদ থেকে রক্ষার আর্তি জানিয়েছেন। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকায় প্রবল ঝুঁকির মধ্যে রয়েছে উষ্ণমণ্ডলীয় রাষ্ট্রটি।
ডিসেম্বরে কোপেনহেগেনে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের সম্মেলনের আগে বিষয়টির প্রতি বিশ্ববাসীর নজর কাড়তে বিশ্বে প্রথমবারের মতো সাগরের তলদেশে এ অভিনব বৈঠক করেন মালদ্বীপের নেতারা। প্রেসিডেন্ট মোহামেদ নাশিদ তার ভাইস প্রেসিডেন্ট, ১১ জন মন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিবকে নিয়ে স্কুবা ডাইভিং সরঞ্জামে সজ্জিত হয়ে মহাসাগরের ১২ ফুট আট ইঞ্চি (৩ দশমিক ৮ মিটার) পানির নিচে নামেন। এরপর তারা আগেই সেখানে রাখা কয়েকটি টেবিলের পাশে দাঁড়িয়ে বৈঠক করেন। হাজার হাজার পর্যটক অবলোকন করেন এই দৃশ্য।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায়, বৈঠকস্থলের চারপাশে সাদা-কালো ডোরা কাটা হামবাগ ড্যামসেলফিস ঘুরে বেড়াচ্ছে। পেছনে দুলছে সাদা কোরাল। প্রেসিডেন্ট নাশিদ হাতের ইশারা দিয়ে ৩০ মিনিটের বৈঠক শুরু করছেন।
পানি থেকে উঠে এসে গা থেকে জল ঝরা অবস্থাতেই নাশিদ সাংবাদিকদের বলেন, "জলবায়ু পরিবর্তন না ঠেকালে মালদ্বীপের কী হচ্ছে এবং কী হবে সে বিষয়ে বিশ্বকে আমরা একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছি।"
বৈঠকে নাশিদ ও তার মন্ত্র্রীরা একটি প্লাস্টিকের সাদা শ্লেটে পানিরোধক পেন্সিল দিয়ে 'এসওএস' (আমাদের রক্ষা কর) লেখা বার্তায় সই করেন। বার্তায় লেখা ছিল, "বিশ্বের তাপমাত্রা যাতে আর না বাড়ে সেই বিশ্বযুদ্ধের জন্য আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হব।" "জলবায়ু পরিবর্তন ঘটে চলেছে এবং এর ফলে বিশ্বের প্রতিটি মানুষের অধিকার ও নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে গেছে।"
'এসওএস' বার্তাটি কোপেনহেগেনে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে উপস্থাপন করা হবে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকারীয় প্যানেল এর ধারণা মতে, সমুদ্রের উচ্চতা ৫৮ সেন্টিমিটার বাড়লে ২১০০ সাল নাগাদ মালদ্বীপের বেশির ভাগ নিুাঞ্চলের দ্বীপগু সমুদ্রে বিলীন হয়ে যাবে।
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিরোধে কার্বন ডাইঅক্সাইডের নির্গমণ কমানোর বিশ্বজুড়ে ৩৫০টি প্রচারাভিযানের অংশ হিসেবেই পানির নিচে মালদ্বীপের মন্ত্রিসভার এ বৈঠকের আয়োজন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৭৪৮ ঘ.
bdnews24