২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা শিগগিরই

আফগানিস্তানে ভোট জালিয়াতির অভিযোগ তদন্তে নিয়োজিত 'ইলেক্টোরাল কমপ্লেইন্টস কমিশন' (ইসিসি) শুক্রবার বলেছে, রায় ঘোষণার তারা কাছাকাছি পৌঁছে গেছে। এদিকে 'দ্য ওয়াশিংটন পোস্ট' পত্রিকা জানিয়েছে, অভিযোগ তদন্তে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ভোট কমে ৪৭ শতাংশ হয়েছে। ফলে দ্বিতীয় দফা ভোটের সম্ভাবনা দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2009, 02:18 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ওয়াশিংটন, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে ভোট জালিয়াতির অভিযোগ তদন্তে নিয়োজিত 'ইলেক্টোরাল কমপ্লেইন্টস কমিশন' (ইসিসি) শুক্রবার বলেছে, রায় ঘোষণার তারা কাছাকাছি পৌঁছে গেছে। এদিকে 'দ্য ওয়াশিংটন পোস্ট' পত্রিকা জানিয়েছে, অভিযোগ তদন্তে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ভোট কমে ৪৭ শতাংশ হয়েছে। ফলে দ্বিতীয় দফা ভোটের সম্ভাবনা দেখা দিয়েছে। নির্বাচনী ফলের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঊদ্ধৃতি দিয়ে পত্রিকাটি আরও বলেছে, জাতিসংঘ সমর্থিত নিরপেক্ষ ইসিসি'র ভোটগণনা শুক্রবারেই চূড়ান্ত হওয়ার কথা। তবে ইসিসি'র মুখপাত্র নিলিকা লিটল বলেছেন, "আমরা আজও কাজ করে যাচ্ছি।" তিনি বলেন, "আমরা তাড়াহুড়া করতে চাই না। এখনো অনেক কাজ বাকি।" এর আগে মঙ্গলবার প্রাথমিক নির্বাচনী ফলে দেখা গিয়েছিল, কারজাই ৫৪ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন। অর্থাৎ, প্রতিপক্ষ আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গে ২য় দফা ভোট এড়াতে প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোটের বেশি ভোট ছিল তার। কিন্তু জালিয়াতি তদন্তে কারজাইয়ের ভোটসংখ্যা কমে যাওয়ার সম্ভাবনায় ২য় দফা ভোট অবশ্যম্ভাবী হয়ে উঠছে। ওয়াশিংটনে আফগানিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ জাওয়াদ বৃহস্পতিবার বলেছেন, ২য় দফা ভোটের সম্ভাবনা আছে। বৃহস্পতিবার নিই ইয়র্ক টাইমস এর একটি সাক্ষাৎকারে রাষ্ট্রদূত বলেন, কারজাই সরকার ২য় দফা ভোট অনুষ্ঠানে শানিবারেই নির্বাচন কমিশনের ঘোষণার জন্য প্রস্তুত হচ্ছে। এর আগে কারজাইকে খুব সম্ভবত নভেম্বরে ২য় দফা ভোটের মুখে পড়তে হবে বলে গত বুধবার জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের আফগান ও পাকিস্তান বিষয়ক দূত রিচার্ড হলব্র"কের ঘনিষ্ঠ সাবেক এক কূটনীতিক। বিবিসি'র 'হার্ড টক' প্রোগ্রামে কূটনীতিক পিটার বলেন, ২য় দফা ভোট নভেম্বরের প্রথম সপ্তাহের আগেই কোনও এক সময় হয়ে যাবে। প্রথম দফা নির্বাচনে ৫৪ দশমিক ৬ শতাংশ ভোট পাওয়া কারজাই নির্বাচনে কিছু জালিয়াতির কথা স্বীকার করেছেন। তবে ২য় দফা ভোটে যাওয়ার মতো বড় ধরনের কোনও গরমিল হয়নি বলে দাবি করে আসছিলেন তিনি। পশ্চিমা গণমাধ্যম ও কর্মকর্তারা জালিয়াতির বিষয়টি অতিরঞ্জিত করছে বলেও তিনি অভিযোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০১২ ঘ.