২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেশাওয়ারে বোমা হামলায় নিহত ১২

পাকিস্তানের লাহোর ও উত্তরপশ্চিমাঞ্চলের কয়েকটি পুলিশ কার্যালয়ে জঙ্গি হামলার পর শুক্রবার পেশাওয়ারের আরেকটি পুলিশ স্টেশনের কাছে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2009, 08:56 AM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ইসলামাবাদ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানের লাহোর ও উত্তরপশ্চিমাঞ্চলের কয়েকটি পুলিশ কার্যালয়ে জঙ্গি হামলার একদিন পর শুক্রবার পেশাওয়ারের আরেকটি পুলিশ স্টেশনের কাছে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হয়েছে। দক্ষিণ ওয়াজিরিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোতে পাকিস্তান সেনাবাহিনীর অবিরাম বিমান হামলার মধ্যে পেশাওয়ারে নতুন করে এ হামলা হল। ওয়াজিরিস্তানে শিগগিরি স্থল অভিযান শুরুর ঘোষণা দিয়েছে সরকার। ওদিকে, জঙ্গিরাও গত ১১ দিনে বোমা হামলা জোরদার করেছে। জাতিসংঘ সংস্থা, সেনা ও পুলিশ সদরদপ্তরগুলোকে টার্গেট করে হামলা চালিয়ে যাচ্ছে তারা। গত কয়েকদিনের সহিংসতায় নিহত হয়েছে অন্ততপক্ষে দেড়শ মানুষ। শুক্রবারের বোমা হামলাটি ঘটেছে পেশাওয়ার পুলিশের কেন্দ্রীয় তদন্ত সংস্থা একটি কার্যালয়ের বাইরে। আফনিস্তানের জন্য মার্কিন রসদ সরবরাহের একটি ফাঁড়ি এটি। পুলিশ এ হামলা আত্মঘাতী বলে ধারণা করছে। নগরীর শীর্ষ পুলিশ কর্মকর্তা হামলায় ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন এদের মধ্যে একজন নারী ও একজন শিশু রয়েছে। তবে হাসপাতালের এক কর্মকর্তা বলেছেন, নিহতের সংখ্যা ১২। হামলায় কাছাকাছি একটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ডজনখানেক লোক আহত হয়েছে। টেলিভিশন চিত্রে দেখা গেছে, পুলিশ তাদের সহকর্মীদের রক্তমাখা মৃতদেহ হাসপাতালে নিয়ে যাচ্ছে। উদ্বেগ-উৎকন্ঠা তাদের চোখেমুখে । এর আগে রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী প্রাথমিক খবরে বলেন, "আমি ৬ টি মৃতদেহ গুনেছি।" ওই এলাকার অধিবাসী মোহাম্মদ রেজোয়ান বলেন, "আমি কয়েক মিনিট ঘটনাস্থলে ছিলাম এবং মৃতদেহ উদ্ধারে সাহায্য করেছি। মৃতদেহগুলো বিকৃত হয়ে গেছে।" কোনও নারী হামলাকারী এ হামলা চালিয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে এটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মধ্যে তিনজন পুলিশ বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ইফতিখার হুসেইন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৫৪ ঘ.