২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ানতানামো বন্দি স্থানান্তরে মার্কিন প্রতিনিধি পরিষদের সমর্থন

কিউবার গুয়ানতানামো বে'র মার্কিন বন্দিশিবির থেকে বিদেশি বন্দিদের বিচারের জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পদক্ষেপ বৃহস্পতিবার সমর্থন করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। বন্দি স্থানান্তরের পক্ষে ভোট পড়েছে ৩০৭ আর বিপক্ষে পড়েছে ১১৪ ভোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2009, 07:45 AM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ওয়াশিংটন, ১৬ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কিউবার গুয়ানতানামো বে'র মার্কিন বন্দিশিবির থেকে বিদেশি বন্দিদের বিচারের জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পদক্ষেপ বৃহস্পতিবার সমর্থন করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। বন্দি স্থানান্তরের পক্ষে ভোট পড়েছে ৩০৭ আর বিপক্ষে পড়েছে ১১৪ ভোট। যুক্তরাষ্ট্রের আদালতে গুয়ানতানামো বন্দিদের বিচারে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হতে পারে--- রিপাবলিকানদের এ যুক্তি ধোপে টেকেনি। এতে করে কুখ্যাত ওই বন্দিশিবির জানুয়ারির মধ্যে বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে ওবামা প্রশাসনের নানা প্রতিবন্ধকতার একটি দূর হল। এখন প্রেসিডেন্ট বারাক ওবামা এ বিলে সই করার আগে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের জন্য ৪২ দশমিক ৮ বিলিয়ন ডলারের তহবিল সংক্রান্ত অরেকটি বিল সিনেটে অনুমোদন পেতে হবে। ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরদিনই আন্তর্জাতিকভাবে নিন্দিত গুয়ানতানামো বন্দিশিবির ১ বছরের মধ্যে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু এ সময়সীমার মধ্যে শিবিরটি বন্ধ করতে গিয়ে ওবামা প্রশাসন নানা আইনি, রাজনৈতিক ও কূটনৈতিক বাধার মুখে পড়েছে। অনেক আইনপ্রণেতাই বন্দিদের যুক্তরাষ্ট্রের মাটিতে নিয়ে যাওয়ার বিরোধী। বন্দিদের যুক্তরাষ্ট্রে নেওয়া হলে দেশটিতে সন্ত্রাসী হামলার হুমকি আরও বেড়ে যাবে বলে মনে করছেন তারা। মার্কিন কংগ্রেস কয়েকবার শিবিরটি বন্ধের বিস্তারিত পরিকল্পনা জমা না দেওয়া পর্যন্ত ওবামা প্রশাসনকে প্রয়োজনীয় তহবিল অনুমোদন করতে অস্বীকৃতি জানিয়েছে। কিন্তু প্রতিনিধি পরিষদ বন্দি স্থানান্তরে সায় দেওয়ায় সরকার এখন বন্দিদের বিচারের জন্য যুক্তরাষ্ট্রে নিতে পারবে। তবে তার আগে প্রশাসনকে বন্দি স্থানান্তরের ঝুঁকির বিষয়টিতে একটি পর্যালোচনা প্রতিবেদন জমা দিতে হবে এবং ১৪ দিনের একটি নোটিশ জারি করতে হবে। গুয়ানতানামো বন্দিশিবিরে আছে ২২০ বন্দি। এদের কয়েকজনের বিচার করা হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৪৩ ঘ.