লন্ডন, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে বাড়তি ৫০০ সেনা পাঠিয়ে সেনা সংখ্যা ৯ হাজার ৫০০ তে উন্নীত করতে ব্রিটেন নীতিগতভাবে সম্মত হয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বুধবার একথা বলেছেন। (আরও তথ্যসহ)
আফগানিস্তানে ৮ বছরের যুদ্ধ পরিস্থিতির অবনতিতে তালেবানদের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন লড়াইয়ে নিরাপত্তা বাড়ানোসহ যুদ্ধকৌশল পরিবর্তনের আশু প্রয়োজন দেখা দিয়েছে।
ব্রাউন শর্তসাপেক্ষে বাড়তি সেনা পাঠানোর ঘোষণা দিয়ে বলেন, আফগানিস্তানের প্রয়োজনীয় সামরিক হাতিয়ার থাকলে, ন্যাটো মিত্র দেশগুলো সেনা সংখ্যা বাড়ালে এবং আরও আফগান সেনা প্রশিক্ষণের গতি বাড়লে তিনি ওই অতিরিক্ত সেনা পাঠাবেন।
পার্লামেন্টে তিনি বলেন, "ওই শর্তগুলো পূরণ হলে আমি আফগানিস্তানে ব্রিটিশ সেনা সংখ্যা ৯ হাজার ৫০০ তে উন্নীত করতে নীতিগতভাবে সম্মত হয়েছি।"
আফগানিস্তানে পশ্চিমা সেনা সংখ্যা ১ লাখেরও বেশি। এর মধ্যে ৬৫ হাজার মার্কিন সেনা। এ বছর শেষে আফগানিস্তানে মার্কিন সেনা সংখ্যা দাঁড়াবে ৬৮ হাজারে। অন্যদিকে, বর্তমানে আফগানিস্তানে ব্রিটিশ সেনা সংখ্যা ৯ হাজার।
ব্রাউন বলেন, আফগানিস্তানে অন্যান্য সামরিক বাহিনীর সঙ্গে সমঝোতার ভিত্তিতেই ব্রিটিশ সেনা বাড়ানো হবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী বছর আফগানিস্তানে ৪০ হাজার সেনা বাড়ানোর কমান্ডারদের সুপারিশ বিবেচনা করে দেখছেন।
আফগানিস্তানের ন্যাটো বাহিনীতে যুক্তরাষ্ট্রের পরই ব্রিটেনের সেনা সংখ্যা সবচেয়ে বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩০ ঘ.
bdnews24